২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাবির সরকার ও রাজনীতি বিভাগের পুনর্মিলনী শুক্রবার

‘ছড়িয়ে গিয়ে জড়িয়ে থাকি, প্রীতিতে স্মৃতি অটুট রাখি’ স্লোগানে আগামী শুক্রবার হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের দ্বিতীয় পুনর্মিলনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2016, 01:04 AM

Updated : 20 Aug 2022, 11:31 AM

বুধবার বিকাল ৪টায় বিভাগের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে সরকার ও রাজনীতি সভাপতি এবং পুনর্মিলনী অনুষ্ঠানের আহ্বায়ক বশির আহমেদ আয়োজনের খুঁটিনাটি তুলে ধরেন।

১৯৭৮ সালে যাত্রা করা বিভাগটির সহস্রাধিক শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মাচরী ও তাদের পরিবারের সদস্যরা এ অনুষ্ঠানে অংশ নিচ্ছেন বলে জানান তিনি।

দিনব্যাপী এ অনুষ্ঠানে নানা আয়োজনের মধ্যে থাকছে- আনন্দ শোভাযাত্রা, বৃক্ষরোপণ, সম্মাননা প্রদান, স্মৃতিচারণ, মধ্যাহ্নভোজ, পিঠা উৎসব, খেলাধুলা, ঘুড়ি উড়ানো ইত্যাদি।

সন্ধ্যায় বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে মুক্তমঞ্চে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও সায়ানের কনসার্ট।

বশির বলেন, এবছর আটজন ব্যক্তিকে সরকার ও রাজনীতি বিভাগ এ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ হতে সম্মাননা দেওয়া হচ্ছে।

বাংলাদেশের প্রথম নারী উপাচার্য হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামকে সম্মাননা দেওয়া হবে।

বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আজিজুল হক, অধ্যাপক গোলাম কবীর, অধ্যাপক  গোলাম হোসেন এবং বিভাগের প্রথম অফিস পিয়ন তমিজ উদ্দিনকে দেওয়া হবে মরণোত্তর সম্মাননা।

এছাড়া আজীবন সম্মাননা পাচ্ছেন অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক এম সালিমউল্লাহ খান, অধ্যাপক ড. দিলারা চৌধুরী ও অধ্যাপক ড. জোহরা খানম।

অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ঢাকা থেকে বাস থাকবে।

সরকার ও রাজনীতি বিভাগের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছিল ২০০৬ সালে।