দ্বিতীয় দিনে চবি শিক্ষকদের কর্মবিরতি
বেতন কাঠামোর বৈষম্য নিরসনের দাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি।
৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতিগুলোর ফোরাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন ১১ জানুয়ারি থেকে সর্বাত্মক কর্মবিরতির ঘোষণা দিলেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা রোববার থেকে কর্মবিরতি শুরু করেছেন।
তবে প্রথম দিনে কোনো পরীক্ষা না হলেও সোমবার থেকে পরীক্ষা কর্মবিরতির আওতামুক্ত রেখেছেন শিক্ষকরা।
রোববার সমিতির কার্যনির্বাহী পরিষদের জরুরি সভায় পূর্বনির্ধারিত পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. খসরুল আলম কুদ্দুসী জানান ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আগামী ১০ জানুয়ারি পর্যন্ত পূর্বনির্ধারিত পরীক্ষাগুলো কর্মবিরতির আওতামুক্ত রাখা হয়েছে।”
৬ জানুয়ারি পর্যন্ত সর্বাত্মক এবং ৭ জানুয়ারি শিক্ষক সমিতি ফেডারেশনের ডাকা দুই ঘণ্টা কর্মবিরতি পালন করা হবে বলে জানান তিনি।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন গত শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক বৈঠকে ৭ জানুয়ারি সারা দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে দুই ঘণ্টা কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয়।
দাবি আদায় না হলে ১১ জানুয়ারি থেকে লাগাতার কর্মবিরতি পালনের সিদ্ধান্ত রয়েছে সংগঠনের।
