রাবি ভর্তি পরীক্ষার দ্বিতীয় দিনের আসন প্রকাশ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের দ্বিতীয় দিন (১০ নভেম্বর) পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ করা হয়েছে।
রোববার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ইলিয়াস হোসেন বলেন, ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ৯ নভেম্বর শুরু হয়ে চলবে ১২ নভেম্বর পর্যন্ত।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার সকাল ৯টা থেকে ১০টা ঊ ইউনিটের বিজোড় রোল নম্বরধারীদের পরীক্ষা শুরু হবে। এরপর বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ঊ ইউনিটের জোড় রোল নম্বরধারীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত উ ইউনিটের বাণিজ্য বিজোড় রোল নম্বর এবং বিকাল সাড়ে তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত উ ইউনিটের বাণিজ্য জোড় এবং সব অবাণিজ্য রোল নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আসন বিন্যাস বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট admission.ru.ac.bd থেকে জানা যাবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথ ও পরীক্ষা কেন্দ্রের কাছে নোটিশ বোর্ডেও টানানো থাকবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, পরীক্ষা কক্ষে মোবাইল ফোন অথবা কোনো ধরনের ডিজিটাল ডিভাইস ব্যবহার করা যাবে না।
