২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে হিন্দু জেলেপাড়ায় হামলার প্রতিবাদ জাবিতে

ফেনীর পাঁচগাছিয়া ইউনিয়নের জেলেপাড়ায় হিন্দু সম্প্রদায় ও গর্ভবতী মায়ের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও মৌন মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2015, 10:55 PM

Updated : 12 Oct 2022, 04:21 PM

পুরনো খবর:

ফেনীতে মৃত সন্তান প্রসব: মায়ের জন্য মেডিকেল বোর্ড

সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের অমর একুশের পাদদেশে ‘সনাতন বিদ্যার্থী সংসদ’ এ মানবন্ধন আয়োজন করে।

লক্ষ্মীপূজায় আতশবাজি ফোটানো নিয়ে গত বুধবার রাতে সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের জেলেপাড়ায় হামলা চালায় স্থানীয় কিছু যুবক।

জেলেপাড়ার বাসিন্দাদের অভিযোগ, তাদের হামলার শিকার হয়ে তুলসি রানী দাস নামে এক গর্ভবতী নারী ‘আহত হওয়ার পর’  অতিরিক্ত রক্তক্ষরণে মৃত সন্তান প্রসব করে।

ওই ঘটনার পরই সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচনার ঝড় ওঠে।

মানববন্ধনে সংহতি প্রকাশ করে ছাত্র ইউনিয়ন জাবি সংসদের দপ্তর সম্পাদক অলিউর রহমান সান ঘটনার তীব্র নিন্দা জানান।

সান বলেন, “সরকার মুখে অসাম্প্রদায়িকতার কথা বললেও কাজে তার প্রতিফলন মিলছে না। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি, একই সঙ্গে দলীয় পরিচয় বিবেচনা না করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”

সনাতন বিদ্যার্থী সংসদের সভাপতি ম্যাকমিলন চৌধুরী বলেন, “স্বাধীনতার ৪৫ বছর পরে নিজেদের অসাম্প্রদায়িক দাবি করা একটি সরকারের শাসনামলে তাদের দলীয় লোকজনের দ্বারা এমন বর্বরোচিত হামলার ঘটনা আমাদের জন্য লজ্জা ও হতাশার।”

মানববন্ধন শেষে একটি মৌন মিছিল সমাজবিজ্ঞান অনুষদের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে অমর একুশের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।