২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিটের ফল প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে, যাতে ১৭.৫৬ শতাংশ শিক্ষার্থী ভর্তির যোগ্য বিবেচিত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2015, 02:45 PM

Updated : 12 Oct 2022, 04:18 PM

ভর্তি পরীক্ষায় যোগ্য বিবেচিত এই ৭ হাজার ১৯৪ জনের মধ্যে ১ হাজার ১৭০ জন শেষ পর্যন্ত ব্যবসায় শিক্ষা অনুষদের অধীন বিভিন্ন বিভাগে ভর্তি হতে পারবেন।

বিশ্ববিদ্যালয়ের উপার্চায অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক রোববার বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ৪৩ হাজার ২৪২ জন আবেদন করলেও শেষ পর্যন্ত গত শুক্রবার পরীক্ষা দেন ৪০ হাজার ৯৫৬ জন।

উচ্চ মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সাল এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বরের মাধ্যমে ওয়েবসাইট থেকে ভর্তিচ্ছুরা তাদের ফল জানতে পারবেন।

এছাড়া যে কোনো মোবাইল ফোন থেকে DU<>Ga<>Roll টাইপ করে ১৬৩২১ নম্বরে এসএমএস পাঠিয়েও ফলাফল জানা যাবে।

উত্তীর্ণরা ২০ থেকে ২৬ অক্টোবরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে ‘চয়েস ফরম’ পূরণ করতে পারবেন।

আর কোটায় আবেদনকারীদের ২১ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন কার্যালয় থেকে ফরম সংগ্রহ ও পূরণ করতে বলা হয়েছে।