কোটায় ভর্তিচ্ছুদের ভুল সংশোধনের সুযোগ দিল জগন্নাথ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার আবেদনের ক্ষেত্রে কোটায় ভর্তি ইচ্ছুকদের ভুল সংশোধনের সুযোগ দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
সোমবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গত ২৯ অগাস্ট থেকে আবেদন গ্রহণ শুরু করেছে বিশ্ববিদ্যালয়, যা চলবে ১৭ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আবেদনের সময় যে সকল শিক্ষার্থী ভুল করে কোটা পূরণ করেন নি বা কোটা পূরণে ভুল করেছেন, অথবা যাদের কোনো কোটা নেই কিন্তু ভুল করে কোটা পূরণ করেছেন- তারা তাদের আবেদন সংশোধন করতে পারবেন।
সেক্ষেত্রে আবেদনকারী যে টেলিটক নম্বর থেকে এসএমএস করে আবেদন করেছিলেন ওই নম্বর থেকেই তাকে এসএমএস করতে হবে।
আবেদনকারী যদি কোটায় নিজেকে অন্তর্ভুক্ত করতে চান অথবা কোটা পরিবর্তন করতে চান তাহলে তাকে JNU HELP CHANGE Pin NumberQuota লিখে ১৬২২২ নম্বরে এসএমএস করতে হবে।
আর যাদের কোটা নেই, কিন্তু ভুল করে কোটার আবেদন করেছেন তাদের JNU HELP CHANGE Pin Number লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।
এবার ‘এ’ ইউনিটে ৭৬০, ‘বি’ ইউনিটে ৭২০, ‘সি’ ইউনিটে ৬২০, ‘ডি’ ইউনিটে ৫৬০ এবং ‘ই’ ইউনিটে ১০০টি আসনসহ মোট ২৭৬০টি আসনের বিপরীতে আবেদনকারীরা ভর্তি পরীক্ষায় অংশ নেবেন।
আগামী ৯ অক্টোবর ‘বি’ ইউনিটের (কলা ও আইন অনুষদ), ১৬ অক্টোবর ‘সি’ ইউনিটের (ব্যবসায় শিক্ষা অনুষদ), ৩০ অক্টোবর ‘এ’ ইউনিটের (বিজ্ঞান অনুষদ এবং লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ), ৬ নভেম্বর ‘ডি’ ইউনিটের (সামাজিক বিজ্ঞান অনুষদ) এবং ১৩ নভেম্বর ‘ই’ ইউনিটের (ড্রামা অ্যান্ড মিউজিক বিভাগ ও ফাইন আর্টস বিভাগ) পরীক্ষা নেওয়া হবে।
নির্ধারিত দিনের প্রতিটি পরীক্ষা বিকাল ৩টায় শুরু হবে।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.jnu.ac.bd -তে পাওয়া যাবে।
