২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাহাঙ্গীরনগরের মুক্তমঞ্চের বদ্ধদশা

মঞ্চ আর গ্যালারির মাঝে জমে থাকা পানি, তাও আবার নোংরা; ছড়িয়ে-ছিটিয়ে আছে খাবারের প্যাকেট, পানির বোতল, সিগারেট, ম্যাচ বাক্স, পলিথিন ব্যাগ, চায়ের কাপ, টিস্যু পেপার নানান কিছু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শফিকুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2015, 09:53 AM

Updated : 12 Oct 2022, 04:08 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক চর্চার কেন্দ্র মুক্তমঞ্চে গত কিছু দিন ধরে গিয়ে এই চিত্রের কোনো বদল চোখে পড়েনি।

বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতিকর্মীদের অভিযোগ, কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলা ও নিয়মিত তদারকির অভাবেই এমন দশা বাংলাদেশের একমাত্র অ্যাম্ফিথিয়েটারের।

অপরিচ্ছন্ন পরিবেশের জন্য নিজেদের দুর্বলতার কথা স্বীকার করলেও অনুষ্ঠান আয়োজক ও দর্শকদের অসচেতনতাকেও এর জন্য দায়ী করেছে মুক্তমঞ্চের দায়িত্বে থাকা ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) কর্তৃপক্ষ।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক কর্মকাণ্ড মুক্তমঞ্চকেন্দ্রিক। শিক্ষার্থীদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক মঞ্চস্থ হয় এই মঞ্চেই। এছাড়া বিভিন্ন বিভাগের পুনর্মিলনী, র‌্যাগ অনুষ্ঠান, বিশ্ববিদ্যালয় দিবস- সব অনুষ্ঠানই হয় এখানে। প্রায় দেড় হাজার দর্শক একসঙ্গে বসে এ মঞ্চে অনুষ্ঠান দেখতে পারেন।

সংস্কৃতিকর্মীদের অভিযোগ, নিজস্ব লোকবল থাকা সত্ত্বেও নিয়মিত বিরতিতে অনুষ্ঠিত এসব অনুষ্ঠানের মধ্যবর্তী সময়ে মুক্তমঞ্চকে পরিচ্ছন্ন রাখা হয় না।

কোনো অনুষ্ঠানের সময় ঘনিয়ে এলে আয়োজকদের পীড়াপীড়িতে অনুষ্ঠানের আগ মুহূর্তে গিয়ে মঞ্চ পরিষ্কার করা হয় বলেও অভিযোগ তাদের।

মুক্তমঞ্চে এখন মঞ্চের মূল বেদী, দর্শকসারি ও এর আশপাশের পুরোটাই আবর্জনার দখলে।

বেদী ও গ্যালারির মধ্যবর্তী স্থানে জমে রয়েছে বৃষ্টির পানি। সে পানিতে পচছে কেটে রাখা ঘাস, দুর্গন্ধও ছড়াচ্ছে।

মঞ্চের চারপাশে পড়ে থাকা আবর্জনার স্তূপ হয়ে উঠেছে এক একটি ঢিবি।

স্বাভাবিক সৌন্দর্য হারিয়ে বিবর্ণ হয়ে পড়েছে নাট্যজন সেলিম আল দীনের পরিকল্পনায় নির্মিত বিশ্ববিদ্যালয়ের আকর্ষণীয় এই স্থাপত্যটি।

মুক্তমঞ্চের এই অবস্থার জন্য কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করে ছাত্র ইউনিয়ন বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি তন্ময় ধর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক চর্চার এই কেন্দ্রকে নোংরা করার পেছনে টিএসসি কর্তৃপক্ষের উদাসীনতাই একমাত্র কারণ।”

মঞ্চের এমন পরিবেশের কারণে সাংস্কৃতিক চর্চা ব্যাহত হচ্ছে বলেও দাবি করেন তিনি।

কর্তৃপক্ষের নিয়মিত তদারকির অভাবকেই দায়ী করেছেন জাহাঙ্গীরনগর থিয়েটারের সাধারণ সম্পাদক জোবায়ের টিপুও।

“অনুষ্ঠান পরিচালনা, সংস্কৃতিকর্মীদের নিরাপত্তা ইত্যাদি দিতেও ব্যর্থ কর্তৃপক্ষ। একটি অনুষ্ঠানের শেষে জমা হওয়া ময়লা-আবর্জনা আরেকটি অনুষ্ঠান হওয়ার আগ পর্যন্ত পরিষ্কার করা হয় না।”

মুক্তমঞ্চের নোংরা পরিবেশের জন্য নিজেদের দুর্বলতার কথা স্বীকার করেন মুক্তমঞ্চের দায়িত্বে থাকা ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক খবির উদ্দিন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের স্বল্প লোকবল দিয়ে কাজ চালিয়ে নিতে একটু সমস্যা হচ্ছে। তবে আমাদের মালীরা ঠিকমতো কাজ করলে এরকম হওয়ার কথা না।”

দ্রুত মুক্তমঞ্চ পরিচ্ছন্ন করার নির্দেশ দেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠান আয়োজক এবং দর্শকদের সচেতন হওয়ার তাগিদ দিয়ে অধ্যাপক খবির বলেন, “খাবারের প্যাকেট কিংবা এ জাতীয় ময়লা-আবর্জনা নির্দিষ্ট ডাস্টবিনে ফেললে মুক্তমঞ্চ এতটা ময়লা হত না।”