শেকৃবির প্রথম সমাবর্তন ১৬ নভেম্বর
রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) প্রথম সমাবর্তন হবে আগামী ১৬ নভেম্বর।
বিশ্ববিদ্যালয় চ্যান্সেলর ও রাষ্ট্রপতি আবদুল হামিদ ওইদিন সমাবর্তনে উপস্থিত থাকতে সম্মতি জানিয়েছেন বলে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সমাবর্তন আয়োজনে প্রস্তুতি শুরু করেছে জানিয়ে এতে বলা হয়, গত ১০ জুন অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় ‘প্রথম সমাবর্তন’ বিষয়ে সিদ্ধান্ত হয়। পরে বিশ্ববিদ্যালয়ের ৭১তম সিন্ডিকেটে তা অনুমোদন পায়।
এর আগে ২০১১ সালের ডিসেম্বরে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলে প্রথমবারের মত সমাবর্তন অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হলেও বিভিন্ন কারণে তা আয়োজন করা যায়নি।
২০০১ সালে প্রতিষ্ঠিত শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এটিই হবে প্রথম সমাবর্তন।
শেকৃবির তিনটি অনুষদের অধীনে বর্তমানে ৩০টি বিভাগ রয়েছে, যাতে প্রায় তিন হাজার শিক্ষার্থী পড়াশুনা করছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০০১ থেকে ২০১৫ সাল পর্যন্ত বিশ্ববিদ্যালয় থেকে পাস করা সাড়ে চার হাজার সাবেক শিক্ষার্থী সমাবর্তনে অংশ নিতে পারবেন।
দুই/একদিনের মধ্যেই পত্রিকায় সমাবর্তনের বিজ্ঞপ্তি দেওয়া হবে বলে এতে জানানো হয়।
