চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নতুন ২ সহকারী প্রক্টর
যোগদানের তারিখ থেকে তারা এক বছর দায়িত্ব পালন করবেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সহকারী প্রক্টরের দায়িত্ব পেয়েছেন মো. কামরুল হোসেন ও মো. মহিউদ্দিন।
মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার অধ্যাপক সাইফুল ইসলামের এক বিজ্ঞপ্তিতে তাদের নতুন দায়িত্বের কথা তুলে ধরা হয়।
কামরুল হোসেন রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক। আর মো. মহিউদ্দিন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক।
এর আগে রোববার বিশ্ববিদ্যালয়ের দুজন সহকারী প্রক্টর অ্যাকাডেমিক ব্যস্ততা ও শারীরিক অসুস্থতার কথা জানিয়ে পদত্যাগপত্র জমা দেন।
ভারপ্রাপ্ত রেজিস্টার অধ্যাপক সাইফুল ইসলাম বলেন, “আগের দুজন সহকারী প্রক্টরের পদত্যাগপত্র গ্রহণ করে নতুন দুজনকে নিয়োগ দেওয়া হয়েছে বিষয়টা এরকম নয়। তারা দুজন বাদেও প্রক্টরিয়াল বডিতে দুটিতে শূন্য পদ থাকা সাপেক্ষে নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে।”
নতুন সহকারী প্রক্টররা যোগদানের তারিখ থেকে এক বছর দায়িত্ব পালন করবেন।
