Published : 23 Nov 2025, 04:30 PM
ঢাকার সরকারি তিতুমীর কলেজে গভীর রাতে সংঘর্ষে জড়িয়েছে ছাত্রশিবির ও ছাত্রদল; যাতে আহত হয়েছে বেশ কয়েকজন শিক্ষার্থী।
প্রধান ফটকে শিবিরের ব্যানার টানানোকে কেন্দ্র করে শনিবার রাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
বনানী থানার ওসি রাসেল সরোয়ার বলেন, ঘটনার পর পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। আহতদের অধিকাংশই শিবিরের কর্মী।
জানতে চাইলে তিতুমীর কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইমাম হোসেন বলেন, “রাতে শিবিরের পক্ষ থেকে মূল ফটকে তিতুমীর এবং ভাষা আন্দোলনের চিত্রকর্মে তারা ব্যানার লাগায়।
“কলেজে অনেক জায়গা থাকার পরেও সেখানে লাগানোর বিষয়ে সাধারণ শিক্ষার্থীরা নিষেধ করলেও তারা শোনেনি। এ নিয়ে কথা কাটাকাটি হয়। এসময় এক শিক্ষার্থী বলে ওঠে, ‘মুক্তিযুদ্ধ নিয়ে কি অ্যালার্জি আছে?’ এরপরেই ধাক্কা দিয়ে তারা একজনকে ফেলে দেয়।”
ইমাম হোসেনের ভাষ্য, পরে ছাত্রাবাসে খবর গেলে সেখান থেকে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি ছাত্রদলের ছেলেরাও আসে।
তবে ঘটনার বর্ণনায় তিতুমীর কলেজ শিবিরের সভাপতি খাদেমুল ইসলাম সিয়াম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নবীন শিক্ষার্থীদের সংবর্ধনা জানতে তারা বেশ কয়েকটি ব্যানার টাঙালে রাতে ছাত্রদল খুলে ফেলে। রাতে নতুন করে লাগাতে গেলে তারা বাধা দেয়।
“পরে হাঙ্গামা এড়াতে সকালে লাগাবে সিদ্ধান্ত নিয়ে চলে আসতে চাইলে গেইট বন্ধ করে তারা হামলা চালায়।”
এ ঘটনায় সাংবাদিকসহ তাদের ৬-৭ জন নেতাকর্মী আহত হয়েছে দাবি করে তিনি বলেন, দুইজনের অবস্থা গুরুতর।