সিআইইউতে ‘ডিজিট্যাক্ট’: সেরার পুরস্কার জিতল ‘ট্যাক্ট ট্রিও’
প্রতিযোগিতায় চট্টগ্রামের সরকারি-বেসরকারি ১০টি বিশ্ববিদ্যালয়ের প্রায় ৬৪টি দল অংশগ্রহণ করে, বলছে সিআইইউ।
চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) হয়ে গেল আন্তঃবিশ্ববিদ্যালয় ডিজিটাল মার্কেটিং প্রতিযোগিতা— ‘ডিজিট্যাক্ট ২০২৫’।
গত ১৮ সেপ্টেম্বর থেকে টানা আট দিনের প্রতিযোগিতা শেষে বৃহস্পতিবার চট্টগ্রামের একটি হোটেলে ‘গ্র্যান্ড ফিনাল’ অনুষ্ঠিত হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
সেরা মার্কেটিং ক্যাম্পেইন ও কৌশল উপস্থাপনের জন্য নগরীর ‘ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির’ দল ‘ট্যাক্ট ট্রিও’ চ্যাম্পিয়ন হয়েছে। প্রথম ও দ্বিতীয় রানার্স-আপ হয়েছে যথাক্রমে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির দল ‘দ্য কনটেন্ট চেপলেইন্স’ ও ‘থিঙ্ক ট্যাংকার্স’।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিযোগিতায় চট্টগ্রামের সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ১০টি বিশ্ববিদ্যালয়ের ৬৪টির বেশি দল অংশগ্রহণ করে।
অংশগ্রহণকারীরা কেইস অ্যানালাইসিস, ডিজিটাল ক্যাম্পেইন ডিজাইন এবং ফোকাস গ্রুপ আলোচনার মাধ্যমে নিজেদের দক্ষতা ও সৃজনশীলতা তুলে ধরেন।
চূড়ান্ত পর্বে অংশ নেয় পাঁচটি দল, যারা কেইস সাবমিশন ও ফোকাস গ্রুপ ডিসকাশন রাউন্ডে নিজেদের ‘শ্রেষ্ঠত্ব’ প্রমাণ করে ‘ফিনালে’ জায়গা করে নেয়। চূড়ান্ত রাউন্ডে প্রতিটি দল বাস্তবভিত্তিক ডিজিটাল মার্কেটিং কৌশল, ব্র্যান্ড স্ট্র্যাটেজি এবং ক্যাম্পেইন পরিকল্পনা উপস্থাপন করে।
চূড়ান্ত পর্বে বিচারক ছিলেন ইস্টার্ন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মেসবাহ উদ্দিন আহমেদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ আলমগীর ও ডিজিটাল মার্কেটিং এজেন্সি ‘ডিজিফিক্সের’ ফাউন্ডার ইমতিনান আখতার খান।
সিআইইউ বিজনেস স্কুলের শিক্ষার্থী আমাতুল্লাহ মোস্তফা ও লরেন ক্রাউলির সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিআইইউ বিজনেস স্কুলের ডিন অধ্যাপক সৈয়দ মঞ্জুর কাদের।
এতে প্রধান অতিথি ছিলেন সিআইইউ ট্রাস্টি বোর্ডের সদস্য আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী।
অনুষ্ঠানে আয়োজক ও অতিথিরা বিজয়ী দলের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেন।
