চাঁদা দাবির খবর: অবজারভারকে ঢাবি ছাত্রলীগের দুই নেতার আইনি নোটিস
অবজারভারের প্রতিবেদনকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন ছাত্রলীগ নেতারা।
চাঁদা দাবির অভিযোগ নিয়ে প্রকাশিত সংবাদে দ্য ডেইলি অবজারভারের সম্পাদক, প্রধান প্রতিবেদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিকে আইনি নোটিস পাঠিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল ইসলাম শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত।
সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী এম নোমান হোসেন তালুকদারের মাধ্যমে ইংরেজটি দৈনিকটিকে এই নোটিস পাঠান তারা।
রোববার দ্য ডেইলি অবজারভারে ‘ছাত্রলীগের চাহিদা মেটাতে না পারায় ঢাবিতে স্ন্যাকসের দোকান বন্ধ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
তাতে বলা হয়, সম্প্রতি ক্যাম্পাসের টিএসসির ডাস ক্যাফেটেরিয়া থেকে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করেন ছাত্রলীগের কিছু নেতাকর্মী। এ চাঁদা আদায়ে তারা ডাস ক্যাফেটেরিয়ার ব্যবস্থাপকদের বিরুদ্ধে পচা ও নিম্ন মানের খাবার পরিবেশনের অভিযোগ তোলেন। এই অভিযোগে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর একটি লিখিত অভিযোগ দেন ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী।
অবজারভারের প্রতিবেদনে এও বলা হয়, কয়েক দিন আগে প্রক্টরিয়াল টিমের মাধ্যমে ডাস ক্যাফেটেরিয়া বন্ধ করে দেওয়া হয়। একপর্যায়ে দোকানটি খুলতে মাজহারুল ও তানভীরের পক্ষ থেকে ছাত্রলীগের এক নেতা ডাস ক্যাফেটেরিয়ার মালিকের কাছ থেকে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। এর আগে ছাত্রলীগ নেতা মাজহারুল কবির ক্যাম্পাসের সামাজিক বিজ্ঞান চত্বরে অবস্থিত ডিইউ কফি হাট নামের খাবারের দোকান থেকে চার লাখ টাকা চাঁদা নিয়েছেন।
আইনি নোটিসে অবজারভারের এই প্রতিবেদনকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করা হয়।
নোটিসে প্রতিবেদনটি প্রত্যাহার, উদ্দেশ্যপ্রণোদিত প্রতিবেদনের জন্য দুঃখ প্রকাশ, অভিযোগের প্রমাণ দিতে না পারলে প্রতিবেদক তাওসিফুলকে চাকরিচ্যুতির আহ্বান জানানো হয়।
সাত দিনের মধ্যে নোটিসের জবাব না পেলে মামলা করার হুমকিও দেওয়া হয়েছে নোটিসে।
এ বিষয়ে অবজারভারে প্রকাশিত প্রতিবেদনটির প্রতিবেদক তাওসিফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রিপোর্টটি মাল্টিপল সোর্সের সঙ্গে কথা বলে তৈরি করেছি, যার প্রমাণাদি আমার কাছে সংরক্ষিত আছে। তথ্য সংগ্রহ থেকে শুরু করে সংবাদ প্রকাশের প্রতিটি ধাপে সাংবাদিকতার নীতি-নৈতিকতা অনুসরণ করা হয়েছে।”
