১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

গাজী মাজহারুলের জন্মমাসে চলচ্চিত্র উৎসব, পুনর্নির্মাণ হবে কালজয়ী গান

ব্যক্তিগত উদ্যোগে শুরু হওয়া এই পরিকল্পনায় প্রয়াত এ গীতিকারের কন্যা শিল্পী দিঠি আনোয়ার যুক্ত হয়েছেন বলে তথ্য দিয়েছেন বিএফডিসি এমডি।

গাজী মাজহারুলের জন্মমাসে চলচ্চিত্র উৎসব, পুনর্নির্মাণ হবে কালজয়ী গান

গাজী মাজহারুল আনোয়ার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 11 Nov 2026, 12:25 AM

Updated : 11 Nov 2026, 12:25 AM

একুশে পদক ও স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত গীতিকার, চলচ্চিত্র নির্মাতা এবং প্রযোজক গাজী মাজহারুল আনোয়ারের স্মৃতি সংরক্ষণে বিশেষ উদ্যোগ নেওয়ার কথা বলেছেন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)।

এর অংশ হিসেবে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে প্রয়াত এই গুণীর জন্মমাস ঘিরে যৌথভাবে চলচ্চিত্র উৎসব ও তার কালজয়ী গানগুলো পুনর্নির্মাণের পরিকল্পনা করা হয়েছে।

বিএফডিসির এমডি মাসুমা রহমান তানি বলেন, “বাংলা চলচ্চিত্রের ভিত্তিশিলা গড়ে দেওয়া গুণীজনদের সঠিক মূল্যায়ন ও তরুণ প্রজন্মের কাছে সেই ঐতিহ্য ফিরিয়ে আনাই এই উদ্যোগের মূল লক্ষ্য।”

ঢাকাই চলচ্চিত্রের প্রয়াত নায়ক সালমান শাহর মৃত্যুবার্ষিকী ঘিরে গেল সেপ্টেম্বরে আয়োজিত চলচ্চিত্র উৎসবের সাফল্য থেকেই তাদের এই নতুন উদ্যোগের ভাবনা এসেছে বলেও জানান তানি।

তিনি বলেন, “গাজী মাজহারুল আনোয়ার চলচ্চিত্র ইন্ডাস্ট্রি ও এর মানুষকে ভালোবাসতেন এবং সবকিছু মূল্যায়ন করতেন। অথচ তিনি যাকে ঘর বলতেন, সে ঘরের পক্ষ থেকে আমরা তাকে পর্যাপ্ত মর্যাদা দিতে পারিনি; বরং শুধুই নিয়ে গেছি। এই অবহেলার জায়গায় পরিবর্তন আনা এবং নিজেদের তরফ থেকে শ্রদ্ধা জানানো অত্যন্ত জরুরি।”

ব্যক্তিগত উদ্যোগে শুরু হওয়া এই পরিকল্পনায় পরবর্তীতে গাজী মাজহারুল আনোয়ারের কন্যা সংগীতশিল্পী দিঠি আনোয়ার যুক্ত হয়েছেন বলে তথ্য দেন বিএফডিসি এমডি।

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে একসঙ্গে কাজ করার সুবাদে দিঠির সঙ্গে তৈরি হওয়া এই মেলবন্ধনকে তিনি এফডিসি ও দেশের সংস্কৃতি পুনর্গঠনের একটি বড় মাধ্যম বলে মনে করেন। তানি বলেন, “শুধু সমিতির ওপর না তাকিয়ে থেকে ব্যক্তি উদ্যোগেও অনেক কিছু সম্ভব। দিঠি তার সার্টিফিকেশন বোর্ডের সম্মানি এফডিসিতে দান করার ইচ্ছে প্রকাশ করেছে। এই ধরনের ভালোবাসার জায়গা থেকে হাত বাড়ালে একক উদ্যোগগুলোই যৌথ শক্তিতে পরিণত হয়।”

২০২২ সালের ৪ সেপ্টেম্বর বার্ধক্যের নানা জটিলতায় ভুগে মারা যান গাজী মাজহারুল আনোয়ার। ২০ হাজারের বেশি গানের এ রচয়িতা জীবদ্দশায় ভূষিত হয়েছেন একুশে পদক, স্বাধীনতা পুরস্কারসহ নানা সম্মাননায়।

তার লেখা তিনটি গান বিবিসি বাংলার জরিপে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ২০টি বাংলা গানের তালিকায় স্থান পেয়েছে। তালিকায় থাকা তিনটি গান হল- ‘জয় বাংলা বাংলার জয়’, ‘একতারা তুই দেশের কথা বল রে এবার বল’ ও ‘একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয়’।

এছাড়াও তার লেখা ‘গানেরই খাতায় স্বরলিপি লিখে’, ‘আকাশের হাতে আছে একরাশ নীল’- এর মত বহু কালজয়ী গান আজও শ্রোতাদের মুখে মুখে ফেরে।