সিআইইউ’র ১৫২ শিক্ষার্থী পেলেন ‘অ্যাকাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড’
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে তাদের সম্মাননা দেওয়া হয়েছে।
চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) চারটি অনুষদের ১৫২ শিক্ষার্থী পেয়েছেন ‘অ্যাকাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড’।
বৃহস্পতিবার চট্টগ্রামের জামালখান এলাকায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক অনুষ্ঠানে তাদের সম্মাননা দেওয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
অ্যাওয়ার্ড পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ডিনস অনার লিস্টে ৫৭ জন, ডিনস মেরিট লিস্টে সাতজন ও ডিনস লিস্টে ৮৮ জন রয়েছেন। উপাচার্য অধ্যাপক এম এম নুরুল আবসার ও অনুষদ ডিনরা সম্মাননা তুলে দেন।
উপাচার্য বলেন, “আমরা বিশ্বাস করি গুণগত শিক্ষাই একটি জাতিকে এগিয়ে নিতে পারে। সিআইইউ সবসময়ই চেষ্টা করে যাচ্ছে শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদে রূপান্তরিত করতে। এই অ্যাওয়ার্ড সেই প্রচেষ্টার একটি স্বীকৃতি।”
রেজিস্ট্রার আনজুমান বানু লিমার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ব্যবসায় অনুষদের ডিন সৈয়দ মনজুর কাদের, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন আসিফ ইকবাল, লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস অনুষদের সহকারী ডিন সার্মেন রড্রিক্স এবং আইন অনুষদের সহকারী ডিন নাজনীন আক্তার।
