ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ঘৃণা নিক্ষেপ’
পুরস্কারের ব্যবস্থাও ছিল। একই নেতার ছবিতে তিনবার জুতা নিক্ষেপ করলেই কোমল পানীয় দেন আয়োজকরা।
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের প্রতি ঘৃণা জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘হেইট থ্রো’ কর্মসূচি পালন করেছেন একদল শিক্ষার্থী।
রাজু ভাস্কর্যের পাদদেশে শনিবার ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে 'ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস রাইট ওয়াচ' ব্যানারে এই কর্মসূচি ডাকা হয়।
আয়োজকদের পক্ষে ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী এবি জোবায়ের, আবিদুর রহমান রাফি, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ইমরান হোসাইন ও বাংলা বিভাগের মোসাদ্দিক আলি ইবনে মোহাম্মদ উপস্থিত ছিলেন।
তারা আওয়ামী লীগ এবং ছাত্রলীগ নেতাদের ছবিতে জুতা নিক্ষেপ করেন। সেখানে বঙ্গবন্ধু, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছবি ছিল।
ছবি ছিল ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান, সাংগঠনিক সম্পাদক আতিকা বিনতে হোসাইন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতেরও।
কর্মসূচিতে পুরস্কারের ব্যবস্থাও রাখেন আয়োজকরা। একই নেতার ছবিতে তিনবার জুতা নিক্ষেপ করলেই দেওয়া হয় কোমল পানীয়।
আরবি বিভাগের শিক্ষার্থী ইউসুফ আব্দুল্লাহ বলেন, “ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী ইতিহাসের কলঙ্কময় অধ্যায়। বিগত বছরগুলোয় এই দিনে শিক্ষার্থীদের জোর করে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতে বাধ্য করা হত।
“জুলাই অভ্যুত্থানের পর থেকে শিক্ষার্থীরা মুক্তির নিশ্বাস নিচ্ছেন। বিগত বছরে শিক্ষার্থীদের জমানো ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে আজ এই কর্মসূচিতে যোগ দিয়েছি।”
বাংলা বিভাগের শিক্ষার্থী মোসাদ্দেক আলি ইবনে মোহাম্মদ বলেন, “ছাত্রলীগের নির্যাতন-নিপীড়নের প্রতি ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে আজ এই 'হেইট থ্রো' কর্মসূচি।”
ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী এবি জোবায়ের বলেন, “গত ১৬ বছরে নানা উপায়ে ছাত্রলীগ শিক্ষার্থীদের নিপীড়ন করেছে। আজ আমরা ফ্যাসিবাদের কবর ঘোষণা করছি।”
