জগন্নাথের মূল ফটকের সামনে থেকে সরছে বাসস্ট্যান্ড
সভায় সিদ্ধান্ত হয়েছে, আগামী সাত দিন কোনো বাস রায়সাহেব বাজার থেকে বাহাদুর শাহ পার্ক এলাকায় প্রবেশ করবে না। এই সময়ের মধ্যে স্থায়ী সমাধান বের করতে হবে।
দুর্ঘটনা এড়াতে ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকা থেকে বাস স্ট্যান্ড সরানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রোববার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রেজাউল করিমের সভাপতিত্বে তার দপ্তরের কনফারেন্স কক্ষে এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সিদ্ধান্ত হয়, এদিন দুপুর ১২টা থেকে আগামী সাত দিন কোনো ধরনের বাস রায়সাহেব বাজার থেকে বাহাদুর শাহ পার্ক এলাকায় প্রবেশ করবে না। এই সময়সীমার মধ্যে রায়সাহেব বাজার থেকে আসা সব ধরনের বাস ধোলাইখালের গোয়ালঘাট পয়েন্ট থেকে ইউটার্ন নিয়ে নিজ নিজ গন্তব্যে ফিরে যাবে।
এ ছাড়া পরবর্তী সাত দিনের মধ্যে ট্রাফিক বিভাগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং বাস মালিক সমিতি যৌথভাবে একটি কার্যকর ও টেকসই নীতিমালা তৈরি করবে, যা স্থায়ীভাবে এই সমস্যা নিরসনে সহায়ক হবে।
পরিস্থিতি পর্যালোচনা করে এক সপ্তাহ পর সংশ্লিষ্ট সকল পক্ষকে নিয়ে আরেকটি সভা আয়োজনেরও সিদ্ধান্ত হয়।
জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. মোশাররাফ হোসেন, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক, লালবাগ জোনের ডিসি (ট্রাফিক) মো. মফিজুল ইসলাম, এসি (ট্রাফিক) মাহতাব হোসেন, ঢাকা সড়ক পরিবহন সমিতির গোলাম জিলানী চৌধুরী টিপু, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংশ্লিষ্ট কমিটির সদস্যসহ বাস পরিবহন মালিক সমিতির নেতারা সভায় উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীরাও বিশ্ববিদ্যালয় এলাকা থেকে বাস স্ট্যান্ড সরানোর দাবি জানিয়ে আসছিলেন দীর্ঘদিন ধরে। এ দাবিতে বিভিন্ন সময়ে বিক্ষোভ, মানববন্ধনসহ নানা কর্মসূচি তারা পালন করেছেন।
রোববার দুপুরেও ক্যাম্পাসের শান্ত চত্বরে জড়ো হয়ে পদযাত্রা কর্মসূচি শুরু করে শিক্ষার্থীরা। তারা কাঁঠাল তলা ও বিজ্ঞান অনুষদ অতিক্রম করে প্রধান ফটক হয়ে রায় সাহেব বাজারের দিকে গিয়ে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন।
এসময় তারা ‘অবৈধ বাসস্ট্যান্ড/থাকবে না থাকবে না’; ‘ওয়ান টু থ্রি ফোর/ বাসস্ট্যান্ড নো মোর’; ‘সিন্ডিকেটের কালো হাত/ ভেঙে দাও গুঁড়িয়ে দাও’; ‘দড়ি ধরে মারো টান/ সিন্ডিকেট হবে খান খান’; ‘ক্যাম্পাস আর বাসস্ট্যান্ড/একসাথে চলে না’– ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
সমাবেশে জড়ো হয়ে শিক্ষার্থীরা অভিযোগ করেন, বাহাদুর শাহ পার্ক ও এর আশেপাশে বাসগুলো যত্রতত্র পার্কিং বিশ্ববিদ্যালয় এলাকায় যানজটের সৃষ্টি করে। বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে তাদের অনিয়ন্ত্রিত ড্রাইভিং এর কারণে প্রায়ই দুর্ঘটনার খবর পাওয়া যায়।
বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০ তম আবর্তনের শিক্ষার্থী আরাফাত তুশিন বলেন-"দীর্ঘ দিন ধরে এই অবৈধ বাসস্ট্যান্ড নানা অসুবিধার সৃষ্টি করছে। কয়েক দিন আগে আমাদের বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী বাস চাপায় গুরুতর আহত হন। তীব্র যানজটের কারণে আমরা অনেক সময় সঠিক সময়ে ক্লাসে পৌঁছাতে পারি না। আমরা এই অবৈধ বাসস্ট্যান্ড স্থানান্তরের জোর দাবি জানাচ্ছি।"
শিক্ষার্থীদের পদযাত্রায় যোগ দিয়ে শিক্ষক সমিতির সাধারণ অম্পাদক অধ্যাপক রইছ উদদীন বলেন, “একটি আদর্শ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে কোনো অবৈধ বাসস্ট্যান্ড থাকতে পারে না। এই বাসস্ট্যান্ডকে কেন্দ্র করে এখানে চাঁদাবাজি হয় এবং মাদকের আখড়া বসে।
“আমরা দেখেছি গত কয়েকদিন আগে আমাদের এক নারী শিক্ষার্থী দুই বাসের মাঝখানে চাপা পড়ে আহত হয়। আমরা শিক্ষক সমিতির পক্ষ থেকে অন্তত পাঁচবার পরিবহনের সাথে জড়িতদের সঙ্গে বৈঠক করেছি। কিন্তু আজ পর্যন্ত এর কোনো সুরাহা হয়নি।”
তিনি বলেন, “পুলিশ প্রশাসন, ভিসি মহোদয় ও পরিবহন সমতির সাথে বৈঠক করে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আগামীকাল থেকে রায় সাহেব বাজার দিয়ে কোনো বাস ক্যাম্পাসে ঢুকবে না। রায় সাহেব বাজার ক্রস করে কোনো বাস বিশ্ববিদ্যালয়ের দিকে ধাবিত হয়ে শিক্ষার্থীদের দ্বারা ক্ষতিগ্রস্ত হলে তার দায় বিশ্ববিদ্যালয় প্রশাসন নেবে না।"
