২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশেষ ৪ দিন বন্ধ থাকছে মেট্রোরেলের ঢাবি স্টেশন

সড়কপথ বন্ধ রাখলেও মেট্রো স্টেশন দিয়ে লোকজন ঠিকই ক্যাম্পাসে ঢুকবে; তাই স্টেশনটি চার দিন বন্ধ থাকবে বলে জানিয়েছেন প্রক্টর।

বিশেষ ৪ দিন বন্ধ থাকছে মেট্রোরেলের ঢাবি স্টেশন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বুধবার মেট্রোরেলের টিএসসি স্টেশন খোলার পর সেখান থেকে বেরিয়ে আসছেন যাত্রীরা। ছবি: মাহমুদ জামান অভি

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2024, 07:34 PM

Updated : 26 Aug 2026, 11:04 AM

ক্যাম্পাসে নিরাপত্তাজনিত কারণে চার দিন মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) স্টেশন বন্ধ থাকবে বলে জানিয়েছেন প্রক্টর সাইফুদ্দীন আহমদ।

রোববার নিজ দপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আগামী ১৬, ২৫ ও ৩১ ডিসেম্বর এবং ১ জানুয়ারি টিএসসির মেট্রো স্টেশন বন্ধ থাকবে।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার এক সভায় বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবের পর বিশেষ এই চার দিন এ স্টেশন বন্ধ রাখতে যোগাযোগ সচিব মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালককে তাৎক্ষণিকভাবে নির্দেশনা দিয়েছেন।

এ ধরনের একটি আলোচনা তিনি শুনেছেন তুলে ধরে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুর রউফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এরকম কিছু করতে হলে বিষয়ে আমাদেরকে চিঠি দিয়ে জানাতে হবে। না জানালে আমরা কীভাবে বুঝব যে বন্ধ রাখতে হবে। তবে এখনও আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে চিঠি পাইনি। চিঠি পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"

চার দিনের মধ্যে ১৬ ডিসেম্বর বিজয় দিবস এবং ২৫ ডিসেম্বর বড়দিন। এর বাইরে নতুন ইংরেজি বছরের আগের দিনি ৩১ ডিসেম্বর ‘থার্টি ফার্স্ট’ ও ১ জানুয়ারি ইংরেজি বছরের প্রথম দিন। এসব দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের উপস্থিতি বেশি থাকে। 

প্রক্টর বলেন, “আমরা সড়কপথের ছয়টি পয়েন্ট চাইলেই বন্ধ করতে পারি। কিন্তু ঠিকই মেট্রো স্টেশন দিয়ে লোকজন চলে আসবে। তাই নিরাপত্তা ব্যবস্থার জন্য মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন চার দিন বন্ধ থাকবে।”

সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্যে রদবদল হওয়ার কথাও তুলে ধরেন প্রক্টর।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী এই ফোরাম থেকে পাঁচ সদস্য বাদ পড়েছেন। তাদের মধ্যে তিনজন অধ্যাপক। 

তারা হলেন আব্দুস ছামাদ, মাসুদুর রহমান ও আবু মোহাম্মদ আহসান। বাকি দুজন হলেন সহযোগী অধ্যাপক শরীফ উল ইসলাম ও সহকারী অধ্যাপক মাহিন মোহিদ।

প্রক্টর বলেন, ১৮ জনের সিন্ডিকেটে বিভিন্ন ক্যাটাগরিতে মনোনয়ন দেওয়া হয়। যে পাঁচজন বাদ পড়েছেন, তারা ডিন ও প্রভোস্ট এবং শিক্ষক ক্যাটাগরিতে সিন্ডিকেটে ছিলেন। তাদের পদ-পদবিতে পরিবর্তন আসায় সদস্যের তালিকা থেকে বাদ পড়েছেন।