২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডাকসু নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনের নানা অভিযোগ ছাত্রদলের

“বিভিন্ন প্যানেলের নেতৃবৃন্দ সাধারণ শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন পার্টি করে বেড়াচ্ছে, খাবারের পার্টি করে বেড়াচ্ছে, যেটা কোনোভাবেই নির্বাচনি আচরণবিধির সঙ্গে যায় না,” বলেন আবিদ।

ডাকসু নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনের নানা অভিযোগ ছাত্রদলের
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে ছাত্রদলের প্যানেলের প্রার্থীরা সোমবার সংবাদ সম্মেলনে আচরণবিধি লঙ্ঘনের বিভিন্ন অভিযোগ তুলে ধরেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2025, 11:19 PM

Updated : 26 Aug 2026, 02:11 PM

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিভিন্ন প্যানেল ও প্রশাসনের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের বেশ কিছু অভিযোগ তুলেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

সোমবার বিকালে মধুর ক্যান্টিনের সামনে ছাত্রদলের প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেন, ‘মুড়ি পার্টির’ নামে মেয়েদের বিভিন্ন হলে প্রচারণা চালানো হচ্ছে। বিভিন্ন প্যানেলের নেতৃবৃন্দ বিভিন্ন রুমে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে পার্টি করে বেড়াচ্ছে, খাবারের পার্টি করে বেড়াচ্ছে, যেটা কোনোভাবেই নির্বাচনি আচরণবিধির সঙ্গে যায় না।

“সেই বিষয়ে আশা করি, নির্বাচন কমিশন যারা আছেন তারা তদন্ত করবেন এবং এই জিনিসগুলো যেন না ঘটে এ ব্যাপারে তারা উদ্যোগ নেবেন।”

স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের ভিপি প্রার্থী উমামা ফাতেমার বিরুদ্ধে রাতে মেয়েদের হলে গিয়ে প্রচার চালিয়ে আচরণবিধি ভঙ্গের অভিযোগ করেন আবিদ।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, “উমামা রোকেয়া হলে প্রবেশের ফলে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিয়ে প্রশ্ন উঠেছে।…উমামা ফাতেমা যদিও ক্ষমা চেয়েছেন, কিন্তু আইন অমান্য করে ক্ষমা চাইলেই তো হয় না। এটিকে স্বাভাবিক করা হয়। আশা করি নির্বাচন কমিশন এটি নিয়ে বক্তব্য সুস্পষ্ট করবে।”

আবিদ বলেন, “ফজলুল হক মুসলিম হলের দুই এজিএস প্রার্থী শাফি এবং রাকিবুল রিয়াদ ক্যাম্পাসে তোফাজ্জলকে পিটিয়ে হত্যা মামলার আসামি। আর জিএস এনামুল হাসান আগে ছাত্রলীগের পদে ছিল। ছাত্রদলের উপর ২০২২ সালে ক্যাম্পাসে যে হামলা হয়েছিল, সে হামলায় সে জড়িত ছিল।

“সুতরাং এরা কীভাবে এই অবস্থায় থেকেও নির্বাচন করতে পারছে, সেটা নিয়ে নির্বাচন কমিশনকে আমরা প্রশ্ন করছি। সে বিষয়ে তারা অবশ্যই আমাদেরকে জবাবদিহি করবেন।”

স্যার এ এফ রহমান হলের প্রাধ্যক্ষ কাজী মাহফুজুল হক সুপানের বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, “এ হলে ‘গুপ্ত শিবির’ ও বাগছাসের যারা প্রার্থী আছে, তাদের এফ রহমান হলের প্রাধ্যক্ষ সরাসরি পক্ষপাতিত্ব করছেন। ‘পেট্রোনাইজ’ করছেন। সুতরাং এফ রহমান হলের প্রাধ্যক্ষ সম্পর্কে আমরা ওপেনলি আপনাদের পুরো বিশ্ববিদ্যালয়কে এবং নির্বাচন কমিশনকে অভিযোগ করছি।”

সংবাদ সম্মেলনে ছাত্রদলের প্যানেলের জিএস প্রার্থী তানভীর বারী হামিম, এজিএস প্রার্থী তানভীর আল হাদী মায়েদ ও অন্য সম্পাদক প্রার্থীরা উপস্থিত ছিলেন।