২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা হাসিবের আকস্মিক মৃত্যু

পুরান ঢাকার একটি রেস্তোরাঁয় রাতের খাবার খেতে গিয়ে হঠাৎ অস্বস্তি বোধ করলে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলেও লাভ হয়নি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2025, 12:51 AM

Updated : 26 Aug 2026, 02:24 PM

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমানের আকস্মিক মৃত্যু হয়েছে।

শুক্রবার রাত ৯টার পর পুরান ঢাকার একটি রেস্তোরাঁয় খাওয়ার সময় হঠাৎ অসুস্থ বোধ করেন তিনি। তাৎক্ষণিকভাবে তাকে কাছের ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সাড়ে ৯টার দিকে চিকিৎসক হাসিবকে মৃত ঘোষণা করেন বলে তার সঙ্গে থাকা আয়াতুল্লাহ আল মাহমুদ বলেন।

হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক প্রাথমিকভাবে ধারণা করছেন, হাসিব হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মুহাম্মদ তাজাম্মুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাসিবের আকস্মিক মৃত্যুর সংবাদ শোনার পরপর তারা হাসপাতালে যান। তার এমন মৃত্যু কোনভাবেই মেনে নেওয়া যায় না।

হাসিব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি ভোলা জেলায়।

প্রক্টর জানান, হাসিবের প্রথম জানাজার প্রথম নামাজ ক্যাম্পাসে হবে। এরপর মরদেহ তার গ্রামের বাড়ি ভোলায় পাঠানো হবে।

হাসিবের সঙ্গে থাকা ছাত্রদলের অন্যরা বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আয়োজনে হাসিব তাদের সঙ্গে স্টার কাবাবে রাতের খাবার খেতে যান। সেখানে অসুস্থতা বোধ করলে তাকে তাৎক্ষণিক নিকটবর্তী ন্যাশনাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। 

তার সঙ্গে থাকা আয়াতুল্লাহ আল মাহমুদ বলেন, বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিবের সঙ্গে রাতের খাওয়া-দাওয়ার সময় হঠাৎ হাসিব অস্বস্তি বোধ করার কথা বলেন। পানি চাওয়ার পরপরই চেয়ার থেকে পড়ে যান। দ্রুতই তাকে হাসপাতালে নেওয়া হলেও লাভ হয়নি।

জবি শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফীন বলেন, একসঙ্গে বসে থাকার সময় হাসিব হঠাৎ বুকে ব্যথা অনুভব করে। সঙ্গে সঙ্গে তাকে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ছাত্রদলের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যুগ্ম আহ্বায়ক হাসিবের মৃত্যুর খবর শুনে হাসপাতালে দেখিতে যান ডাকসুর ভিপি সাদিক কায়েম।

পরে তার মৃত্যুতে ফেইসবুক পোস্টে লেখেন, “সুস্থ-সবল তরুণ এক ছাত্রনেতা, কত স্বপ্ন, কত পরিকল্পনা। কিন্তু কতটা অনিশ্চিত আমাদের জীবন! আল্লাহ ভাইয়ের ভুল-ত্রুটি, সমস্ত গুনাহখাতা মাফ করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।”

রাতে পরে জানাজার জন্য ক্যাম্পাসে নিয়ে আসা হয় হাসিবের মরদেহ। জানাজায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, ইসলামী 

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও ডাকসুর ভিপি সাদিক কায়েমও এতে অংশ নেন।