Published : 25 Apr 2026, 01:08 PM
চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) ‘ন্যাশনাল অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট বুটক্যাম্প (এনএডিবি)’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে শিক্ষালয়টি বলেছে, শিক্ষার্থীদের অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট, অ্যাপ প্রকাশনা এবং দেশের ক্রমবর্ধমান মোবাইল অ্যাপ ইকোসিস্টেম সম্পর্কে বাস্তবধর্মী ধারণা দেওয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।
রবি আজিয়াটার উদ্যোগে পরিচালিত জাতীয় অ্যাপস্টোর ও ডিজিটাল প্ল্যাটফর্ম— বিডিঅ্যাপসের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করে সিআইইউ স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের সিআইইউ প্রোগ্রামিং ক্লাব (সিআইইউপিসি)।
বিশ্ববিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
অনুষ্ঠানে বিডিঅ্যাপস টিম অ্যাপ ডেভেলপমেন্টের বাস্তব চ্যালেঞ্জ, বিডিঅ্যাপস প্ল্যাটফর্মে অ্যাপ প্রকাশের ধাপ, ক্যারিয়ার গড়ার সুযোগ এবং অ্যাপ মনিটাইজেশন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করে।
স্টার্টআপ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট আবদুর রশীদ সোহাগ, বিশ্ববিদ্যালয়ের স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক আসিফ ইকবাল এবং সিআইইউ প্রোগ্রামিং ক্লাবের ফ্যাকাল্টি অ্যাডভাইজর হাবিবুর রহমান এ আয়োজনে উপস্থিত ছিলেন।