২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জগন্নাথে ভর্তি পরীক্ষা: আবেদন শুরু ১ ডিসেম্বর

গুচ্ছ ভর্তি পদ্ধতি থেকে বের হয়ে এবার নিজেদের মত করে ভর্তি পরীক্ষা নিচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2024, 10:46 PM

Updated : 26 Aug 2026, 10:58 AM

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন শুরু হচ্ছে আগামী ১ ডিসেম্বর থেকে, অনলাইনে এ আবেদন চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত।

বৃহস্পতিবার সন্ধ্যায় ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, https://admission.jnu.ac.bd এর মাধ্যমে আবেদন করা যাবে। প্রাথমিক ফি দিতে হবে ১০০ টাকা। আবেদনকারীদের মধ্য থেকে মেধাক্রম অনুযায়ী প্রাথমিকভাবে বাছাইকৃত ৪০ হাজার আবেদনকারী পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন। প্রাথমিক বাছাইয়ে নির্বাচিতদের ৭০০ টাকা দিয়ে পরীক্ষায় অংশগ্রহণের প্রবেশ পত্র ডাউনলোড করতে হবে।

তিনটি শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার পর সেখান থেকে বের হয়ে এবার এককভাবে ভর্তি পরীক্ষা নিচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার অধ্যাপক শেখ মো. গিয়াস উদ্দিন বলেন, এবার ভর্তি পরীক্ষায় ১০০ নম্বরের মূল্যায়ন হবে। এর মধ্যে লিখিত অংশ হবে ৪৮ নম্বরের এবং ২৪ নম্বরের বহুনির্বাচনি প্রশ্ন থাকবে। বাকি ২৮ নম্বরের মধ্যে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে যথাক্রমে ১২ ও ১৬ নম্বর বরাদ্দ থাকবে।

কবে কোন ইউনিটে পরীক্ষা

আগামী ৩১ জানুয়ারি ‘ই’ ইউনিট (চারুকলা অনুষদ) এর পরীক্ষার মাধ্যমে এবারের ভর্তি পরীক্ষা শুরু হবে। এদিন ওই ইউনিটের প্রথম শিফট সকাল ১০টা থেকে সাড়ে ১১টা, দ্বিতীয় শিফট বেলা আড়াইটা থেকে ৪টা এবং বিকাল ৫টা থেকে সাড়ে ৬টায় তৃতীয় শিফটের পরীক্ষা হবে।

এরপর ১৪ ফেব্রুয়ারি সামাজিক বিজ্ঞান অনুষদের ‘ডি’ ইউনিটের পরীক্ষা হবে। এদিন প্রথম শিফট সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা, দ্বিতীয় শিফট বেলা ১২টা থেকে দুপুর ১টা এবং বিকাল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত তৃতীয় শিফটে পরীক্ষা হবে।

কলা অনুষদের ‘বি’ ইউনিটের পরীক্ষা হবে ১৫ ফেব্রুয়ারি। এ দিন ওই ইউনিটে প্রথম শিফট সকাল ১০টা থেকে ১১টা, দ্বিতীয় শিফট দুপুর ১টা থেকে দুপুর ২টা এবং বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত তৃতীয় শিফটের পরীক্ষা হবে।

বিজ্ঞান ও লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদের ‘এ’ ইউনিটের পরীক্ষা হবে ২২ ফেব্রুয়ারি। এ দিন ওই ইউনিটে প্রথম শিফট সকাল ১০টা থেকে ১১টা, দ্বিতীয় শিফট দুপুর ১টা থেকে দুপুর ২টা এবং বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত তৃতীয় শিফটে পরীক্ষা হবে।

ব্যবসা অনুষদের ‘সি’ ইউনিটের পরীক্ষা হবে ২৮ ফেব্রুয়ারি। এদিন প্রথম শিফট সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা, দ্বিতীয় শিফট বেলা ১২টা থেকে দুপুর ১টা এবং বিকাল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত তৃতীয় শিফটে পরীক্ষা হবে।

সবশেষ ২০১৯-২০ শিক্ষাবর্ষে লিখিত পরীক্ষার মাধ্যমে স্নাতক প্রথম বর্ষে ভর্তি নেয় শিক্ষার্থী নেয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

ওইবছর শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি সর্বমোট জিপিএ হিসাব করে প্রথম দফায় শিক্ষার্থী বাছাই করে প্রতিষ্ঠানটি। পরে তাদের মধ্যে লিখিত পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়। এরপর মহামারী করোনাভাইরাস ও পরের তিন শিক্ষাবর্ষে শিক্ষালয়টি গুচ্ছভুক্ত হয়ে ভর্তি পরীক্ষা নেয়।

এবার গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে নিজেদের মত করে ভর্তি পরীক্ষা নিচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন।