২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

বিকালে ঘরের দরজা ভেঙে ফ্যানের সঙ্গে কাপড় পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায় স্বজন ও পুলিশ।

ঢাকা মেডিকেল প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2024, 12:15 AM

Updated : 26 Aug 2026, 10:37 AM

ঢাকার খিলগাঁওয়ের উত্তর গোড়ানে নিজ বাসা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার বিকালে ফারহান আহসান চৌধুরী (২১) নামে বিশ্ববিদ্যালয়ের নাট্য কলা বিভাগের প্রথম বর্ষের ওই শিক্ষার্থীকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ।

পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা বলেছেন তাকে মৃত অবস্থায় আনা হয়েছিল।

ওই শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে আসা তার মামা ফাহিম ফয়সাল বলেন, "কী কারনে সে ফাঁস দিয়েছে, সে বিষয়ে জানতে পারেননি।"

এদিন বিকালে ঘরের দরজা ভেঙে ফ্যানের সঙ্গে কাপড় পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায় স্বজন ও পুলিশ।

ঢাকা মেডিকেল হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, তার লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগের চেয়ারম্যান ক্যাথরিন পিউরীফিকেশন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ফারহান খুবই শান্ত শিষ্ট ছেলে ছিল। সে ছাত্র আন্দোলনের সময় ছররা গুলিতে আহত হয়। তার মা অসুস্থ ছিলেন, সেজন্য সে অনেকটা হতাশায় ছিল।

”তার বন্ধুদের সাথে কথা বলে জানতে পারি এই সপ্তাহে সে ক্লাসেও আসেনি। ঠিক কী কারণে সে এত বড় ত্যাগ স্বীকার করলো তা সঠিকভাবে জানতে পারিনি। আমরা নাট্যকলা পরিবার তার অকাল মৃত্যুতে শোকাহত।"

ফারহান পরিবারের সদস্যদের সঙ্গে উত্তর গোড়ানে একটি সাততলা বাসার ৬ষ্ঠ তলায় থাকতেন। তার বাবার নাম মো. আহসান রাকিব চৌধুরী।