Published : 26 Sep 2025, 11:51 AM
নীলক্ষেতে অরক্ষিতভাবে ডাকসু নির্বাচনের ব্যালট পেপার ছাপানোর যে অভিযোগ উঠেছে তা তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে ডাকসু নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার রাতে ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ব্যালট পেপার সংক্রান্ত যে অভিযোগটি উঠেছে, তা কমিশন ‘অতীব গুরুত্বসহ পর্যবেক্ষণ ও তদন্ত করছে’। ইতোমধ্যে এই বিষয়ে অধিকতর তদন্তের কাজ চলমান রয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন পরবর্তী বিভিন্ন অভিযোগ ও জিজ্ঞাসা সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে নির্বাচন কমিশন। এর ধারাবাহিকতায় গঠনতন্ত্রের ৬৯ নম্বর ধারার আলোকে ১৫টি অভিযোগ ও জিজ্ঞাসার বিষয়ে বৃহস্পতিবার লিখিত জবাব দেওয়া হয়েছে। বাকি অভিযোগ ও জিজ্ঞাসার বিষয়েও ধারাবাহিকভাবে জবাব দেওয়া হবে।
শিগগিরই সংবাদ সম্মেলনের মাধ্যমে কমিশন সব বিষয়ে বিস্তারিত উত্তর দেবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।