২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিংয়ে দেশের মধ্যে প্রথম সারিতে নর্থ সাউথ ইউনিভার্সিটি

এ বছর মোট ১৯টি বাংলাদেশি বিশ্ববিদ্যালয় এ তালিকায় স্থান পেয়েছে।

টাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিংয়ে দেশের মধ্যে প্রথম সারিতে নর্থ সাউথ ইউনিভার্সিটি
নর্থ সাউথ ইউনিভার্সিটি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2025, 01:03 AM

Updated : 26 Aug 2026, 02:26 PM

টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বাংলাদেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে স্থান করে নিয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ)।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বছর এনএসইউ র‍্যাংকিংয়ের ৮০১–১০০০ ব্যান্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সঙ্গে স্থান পেয়েছে।

২০২৬ সংস্করণের এই র‍্যাংকিংয়ে বিশ্বের ১১৫টি দেশের ২ হাজার ১৯১টি বিশ্ববিদ্যালয়কে মূল্যায়ন করা হয়েছে। এ বছর মোট ১৯টি বাংলাদেশি বিশ্ববিদ্যালয় এ তালিকায় স্থান পেয়েছে। 

গত বছরও এনএসইউ বাংলাদেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় হিসেবে অন্য চারটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে এক ব্যান্ডে ছিল।

এ বছর যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সর্বোচ্চ র‍্যাংকপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলোর দলে যুক্ত হয়েছে।

নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী বলেন, “এই অর্জন আমাদের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও সাবেক শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টা, নিষ্ঠা ও একাডেমিক উৎকর্ষের প্রতিফলন।

“আমরা এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের দিকনির্দেশনা, শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সহযোগিতার জন্য কৃতজ্ঞ, যাদের সমর্থন আমাদের আরও উচ্চতর লক্ষ্য অর্জনে অনুপ্রাণিত করে। এনএসইউ তার গবেষণার প্রভাব বৃদ্ধি, আন্তর্জাতিক সহযোগিতা জোরদার এবং বিশ্বমানের স্নাতক তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ।”

অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী ৭ থেকে ৯ অক্টোবর সৌদি আরবের থুওয়াল শহরে টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড অ্যাকাডেমিক সামিটে অংশগ্রহণ করেন। সেখানে টিএইচই ওয়ার্ড ইউনিভার্সিটি র‍্যাংকিং ২০২৬-এর ফলাফল ঘোষণা করা হয়।