ডাকসু নির্বাচন: প্রার্থী তালিকায় ছবি যুক্ত করার দাবি
“যদি কোনো নারী প্রার্থী ছবি প্রকাশ করতে না চান, তাহলে তারা যেভাবে চান সেভাবেই প্রকাশ করতে হবে।”
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ নির্বাচনে (ডাকসু) ভোটের দিন প্রার্থী তালিকায় নাম, ব্যালট নম্বরের পাশাপাশি হালনাগাদ ছবি যুক্ত করার দাবি জানিয়েছেন 'ডাকসু ফর চেঞ্জ' প্যানেলের ভিপি প্রার্থী বিন ইয়ামিন মোল্লা।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে জরুরি সংবাদ সম্মেলন এ দাবি তুলে ধরেন তিনি।
বিন ইয়ামিন মোল্লা বলেন, “আমরা দেখছি ডাকসুতে ভোটার সংখ্যা প্রায় চল্লিশ হাজার। কেন্দ্রে ২৮টি পদের বিপরীতে একাধিক প্রার্থীও রয়েছে। ভোটারদের পক্ষে সবার নাম মনে রাখা সম্ভব নয়। তাই প্রার্থীর নাম ও ব্যালট নম্বরের পাশাপাশি হালনাগাদ ছবি প্রকাশ করতে হবে।
“যদি কোনো নারী প্রার্থী ছবি প্রকাশ করতে না চান, তাহলে তারা যেভাবে চান সেভাবেই প্রকাশ করতে হবে। গতকাল আমরা চিফ রিটার্নিং কর্মকর্তার সাথে এই ব্যাপারে কথা বলেছি। আজকে আমরা লিখিতভাবে দাবি জানাব।”
তিনি বলেন, “আমরা দেখেছি ছাত্রলীগের সাবেক নেতা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। যদি কেউ কোনো ফৌজদারি অপরাধ করে, তাহলে কী সেটা মাফ হয় যায়? সে নারী শিক্ষার্থীকে লাথি দিয়ে আহত করেছে। কিন্তু নির্বাচন কমিশন বলছে–তার বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়নি।
ভিপি পদের এই প্রার্থী বলেন, “আমার দেখেছি, একটি দলের প্রভাবের কারণে ডাকসু মনোনয়নপত্র জমাদানের সময় পেছানো হয়, অথচ শিক্ষার্থীদের যৌক্তিক দাবির কথা আমরা বলেছি সেগুলো তারা ঝুলিয়ে রেখেছে। মূলত তারা সমস্যাগুলো ইচ্ছে করে সমাধান করতে চাচ্ছে না।
“যদি নির্বাচন কমিশন ছবি যুক্ত না করে এবং ছাত্রলীগের নেতার বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, তাহলে আমরা শিক্ষার্থীদের সাথে নিয়ে কঠোর আন্দোলন করব।”
