১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আইইউবিএটির উদ্ভাবন ও প্রযুক্তি প্রতিযোগিতায় বিজয়ী যারা

বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবন ও উদ্যোক্তা কেন্দ্র আয়োজিত দুই দিনব্যাপী এ প্রতিযোগিতায় শতাধিক দল এবং ৩৭০ জনের বেশি প্রতিযোগী অংশ নেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2026, 11:44 PM

Updated : 11 Sep 2026, 03:47 PM

তরুণদের উদ্ভাবনী চিন্তা, প্রযুক্তিগত দক্ষতা, গবেষণা ও উদ্যোক্তা মনোভাব বিকাশের লক্ষ্যে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিতে (আইইউবিএটি) হয়ে গেল ‘উদ্ভাবন প্রতিযোগিতা ২০২৬’।

বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবন ও উদ্যোক্তা কেন্দ্র (আইআইইসি) আয়োজিত দুই দিনব্যাপী এ প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের শতাধিক দল এবং ৩৭০ জনের বেশি প্রতিযোগী অংশ নেন।

শনিবার ও রোববার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ প্রতিযোগিতা হয় বলে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সেখানে বলা হয়, প্রজেক্ট প্রদর্শনী, গবেষণা পোস্টার উপস্থাপন, লাইন-ফলোয়ার রোবট, সকার রোবট, রেসিং রোবট, ট্রাস ডিজাইন, ভূমিকম্প-সহনশীল কাঠামো নির্মাণ (সিসমিক), সফটওয়্যার উদ্ভাবন (হ্যাকাথন), ব্যবসায়িক কেস বিশ্লেষণ এবং উদ্ভাবনী ধারণা উপস্থাপন– এই দশ বিভাগে এবারের প্রতিযোগিতা হয়।

প্রতিযোগিতায় প্রজেক্ট প্রদর্শনী বিভাগে এগ্রি স্পার্ক, গবেষণা পোস্টার উপস্থাপনায় সোলার সোলস, ট্রাস ডিজাইন বিভাগে জেন সিভিল, ভূমিকম্প-সহনশীল কাঠামো নির্মাণ বিভাগে লিংক স্পেস, সকার রোবট বিভাগে এএইচ ফাইটার, লাইন-ফলোয়ার রোবট বিভাগে নেক্সট জেন রোবটিকস, রেসিং রোবট বিভাগে এএইচ রোভার, ব্যবসায়িক কেস বিশ্লেষণে অ্যাসেট ক্লাস, উদ্ভাবনী ধারণা উপস্থাপনায় সোলার সোল এবং সফটওয়্যার উদ্ভাবন (হ্যাকাথন) বিভাগে ওয়েব জারএক্স চ্যাম্পিয়ন হয়।

আইইউবিএটির উদ্ভাবন ও উদ্যোক্তা কেন্দ্রের পরিচালক নাঈম হোসেন বলেন, শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তা, বাস্তব সমস্যার প্রযুক্তিনির্ভর সমাধান এবং উদ্ভাবনী ধারণাকে বাস্তবে রূপ দিতে বিশ্ববিদ্যালয় নিয়মিত কর্মশালা, প্রশিক্ষণ, প্রতিযোগিতা এবং শিল্প-একাডেমিয়ার সমন্বিত বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই উদ্ভাবন প্রতিযোগিতার ধারণা ও পরিকল্পনা প্রণয়ন করেন আইইউবিএটির উপাচার্য অধ্যাপক আব্দুর রব। 

সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহামুদুর রহমান।