২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সীমান্ত হত্যা ও ‘অপপ্রচারের’ প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ

“২০১১ সালে ফেলানি হত্যা হয়েছে; এরপর থেকে সীমান্তে প্রতিদিন লাশ,” বলেন সমাবেশে অংশগ্রহণকারী একজন।

সীমান্ত হত্যা ও ‘অপপ্রচারের’ প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ
সীমান্ত হত্যা ও ‘অপপ্রচারের’ প্রতিবাদে রাজু ভাস্কর্যে বিক্ষোভ সমাবেশ।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2024, 11:06 PM

Updated : 26 Aug 2026, 11:04 AM

সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণহানি ও বাংলাদেশ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে ‘গুজব ও অপপ্রচারের প্রতিবাদে’ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ-সমাবেশ করেছেন একদল শিক্ষার্থী।

শুক্রবার সন্ধ্যায় রাজু ভাস্কর্যে ‘বৈষম্যবিরোধী ছাত্র-জনতা’ লেখা ব্যানার নিয়ে তারা সমাবেশ করেন। সীমান্ত হত্যার প্রতিবাদ জানিয়ে এসময় বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে অংশগ্রহণকারীদের একজন জালাল আহমেদ বলেন, “বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাইলে ‘গলা চেপে’ ধরা হবে। ২০১১ সালে ফেলানি হত্যা হয়েছে। এরপর থেকে প্রতিদিন লাশ। আমরা আর লাশ দেখতে চাই না।”

সমাবেশে গণঅধিকার পরিষদের গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, “ভারত সবসময় আমাদের সঙ্গে প্রভুর মত আচরণ করে। তারা মনে করেছে আওয়ামী লীগের আমলে যেমন ‘দাস বানিয়ে রেখেছে’, এ সরকারও তা মেনে নেবে। কিন্তু এ সরকার তা কখনও মেনে নেবে না।”