রাবি হলে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধসহ ৭ সিদ্ধান্ত
“আগামীতে শিক্ষার্থীদের সঙ্গে নিয়েই ক্যাম্পাসে সামগ্রিকভাবে সব ধরনের দলীয় শিক্ষক-ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হবে।”
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধসহ সাত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেইন সিরাজী ভবনে প্রাধ্যক্ষ পরিষদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের যৌথ সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হয়।
এর আগে শনিবার রাতে তাদের মধ্যে এসব সিদ্ধান্তের বিষয়ে আলোচনা হয়।
প্রাধ্যক্ষ পরিষদ ও ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের অন্য ছয় সিদ্ধান্ত হল- এখন থেকে শুধু হলের বৈধ আবাসিক শিক্ষার্থীরা হলে থাকতে পারবেন; যেসব শিক্ষার্থী আবাসিকতা ছাড়াই হলে ছিলেন তাদের হল ত্যাগ করা; হলের মধ্যে কোনো ধরনের রাজনৈতিক মিছিল, মিটিং, শো-ডাউন করা যাবে না; হলে কোনো ধরনের রাজনৈতিক ব্লক থাকবে না।
এছাড়া পরবর্তী আসন বরাদ্দ না দেওয়া পর্যন্ত রাজনৈতিক ব্লকে কেউ প্রবেশ করতে পারবে না এবং চিহ্নিত কক্ষগুলো সিলগালা করা থাকবে; হলে আবাসনের নিয়ম ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কসহ যেকোনো রাজনৈতিক পরিচয়ে হলে আবাসন কিংবা কোনো ধরনের বাড়তি সুযোগ-সুবিধা ভোগ করা যাবে না; হলের কক্ষে বা করিডোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কসহ কোনো ধরনের ক্ষমতার পরিচয় প্রকাশ করে এমন কোনো লেখা, ব্যানার, ফেস্টুন, লিফলেট ইত্যাদি প্রদর্শন করা যাবে না।
সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষ পরিষদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের লিখিত এক যৌথ বিবৃতি পাঠ করেন বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের প্রাধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন।
তিনি গণমাধ্যমকর্মীদের জানান, শনিবার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের আহ্বানে তাদের সঙ্গে আলোচনায় বসে প্রাধ্যক্ষ পরিষদ।সেখানে দেশের চলমান পরিস্থিতি বিবেচনায় রেখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, প্রাধ্যক্ষ ও আবাসিক শিক্ষকদের স্বপদে থেকে দায়িত্ব পালনের অনুরোধ জানানো হয়।
সংকট মুহূর্তে প্রাধ্যক্ষ ও আবাসিক শিক্ষকরা পদত্যাগ করলে সাধারণ শিক্ষার্থীদের হলগুলোতে নৈরাজ্য সৃষ্টি, আবাসিক সমস্যা বৃদ্ধি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, শিক্ষা ও গবেষণা কার্যক্রমে সংকট সৃষ্টির পাশাপাশি হলে নিরাপত্তা বিঘ্নিত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন উভয় পক্ষ। তাই উভয়পক্ষের আলোচনার পরিপ্রেক্ষিতে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান প্রাধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন।
আন্দোলনের সমন্বয়ক গোলাম কিবরিয়া মোহাম্মদ মেশকাত বলেন, “ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা ছিল সাধারণ শিক্ষার্থীদের গণদাবি। সে জায়গা থেকে আমরা প্রাধ্যক্ষ পরিষদের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নিয়েছি। পাশাপাশি সংকটকালীন এই মুহূর্তে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করে হল প্রাধ্যক্ষদের নিজ নিজ দায়িত্ব পালনের প্রতি জোর দিয়েছি।”
“আগামীতে শিক্ষার্থীদের সঙ্গে নিয়েই ক্যাম্পাসে সামগ্রিকভাবে সব ধরনের দলীয় শিক্ষক-ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হবে,” বলেন এ সমন্বয়ক।
