Published : 03 Jul 2024, 03:36 PM
আরো চার বছরের জন্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) উপাচার্যের দায়িত্ব পেয়েছেন অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার।
সম্প্রতি অবসর প্রস্তুতি ছুটিতে (পিআরএল) যাওয়া ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের এই শিক্ষককে নতুন মেয়াদে উপাচার্যের দায়িত্ব দিয়ে বুধবার প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।
সেখানে বলা হয়েছে, নতুন করে যোগদানের তারিখ থেকে আরো চার বছর বুয়েটের উপাচার্য থাকবেন সত্য প্রসাদ মজুমদার। অবসরের আগে যেমন বেতন ভাতা পেতেন, তাই পাবেন। অন্যান্য সুযোগ সুবিধাও ভোগ করবেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে তাকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে।
বিশ্ববিদ্যালয়গুলোর চ্যান্সেলর এবং রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এই নিয়োগ অনুমোদন করেছেন এবং তিনি যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারেন।
এর আগে ২০২০ সালের ২৫ জুন বুয়েটের উপাচার্যের দায়িত্ব পান অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার। গত ২৬ জুন ছিল তার মেয়াদের শেষ কর্মদিবস। এর পর থেকে ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন উপ উপাচার্য অধ্যাপক ড. আব্দুল জব্বার খান।
বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে ১৯৮১ সালে স্নাতক ও ১৯৮৫ সালে স্নাতকোত্তর করেন সত্য প্রসাদ মজুমদার। ১৯৯১ সালে খাড়গপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি) থেকে তিনি ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি ডিগ্রি পান।
উপাচার্যের দায়িত্ব পালনের আগে তিনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক দায়িত্বে যুক্ত ছিলেন। বুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক এবং ইইই বিভাগের বিভাগীয় প্রধানও ছিলেন বিভিন্ন সময়ে।