আইইউবিএটিতে নতুন চারটি আইইইই চ্যাপ্টারের উদ্বোধন
আইইউবিএটি বলছে, “নতুন চ্যাপ্টারগুলো বিদ্যমান আইইইই কম্পিউটার সোসাইটি স্টুডেন্ট ব্রাঞ্চ চ্যাপ্টারের সঙ্গে যুক্ত হয়ে আইইইই আইইউবিএটি স্টুডেন্ট ব্রাঞ্চকে আরও শক্তিশালী করবে।”
ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) বিশ্ববিদ্যালয়ে আইইইই আইইউবিএটি স্টুডেন্ট ব্রাঞ্চের অধীনে চারটি নতুন চ্যাপ্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বুধবার বিশ্ববিদ্যালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন উদ্বোধন হওয়া সংগঠনগুলো হলো—আইইইই রোবোটিকস অ্যান্ড অটোমেশন সোসাইটি (আরএএস) স্টুডেন্ট ব্রাঞ্চ চ্যাপ্টার, আইইইই ইঞ্জিনিয়ারিং ইন মেডিসিন অ্যান্ড বায়োলজি সোসাইটি (ইএমবিএস) স্টুডেন্ট ব্রাঞ্চ চ্যাপ্টার, আইইইই কম্পিউটেশনাল ইন্টেলিজেন্স সোসাইটি (সিআইএস) স্টুডেন্ট ব্রাঞ্চ চ্যাপ্টার এবং আইইইই উইমেন ইন ইঞ্জিনিয়ারিং (ডব্লিউআইই) অ্যাফিনিটি গ্রুপ।
আইইউবিএটি বলছে, “নতুন চ্যাপ্টারগুলো বিদ্যমান আইইইই কম্পিউটার সোসাইটি স্টুডেন্ট ব্রাঞ্চ চ্যাপ্টারের সঙ্গে যুক্ত হয়ে আইইইই আইইউবিএটি স্টুডেন্ট ব্রাঞ্চকে আরও শক্তিশালী করবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা অত্যাধুনিক গবেষণা, প্রযুক্তিগত কার্যক্রম, আন্তঃবিষয়ক প্রকল্প, শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা, উদ্যোক্তা উন্নয়ন, মানবিক উদ্যোগ এবং আন্তর্জাতিক পেশাগত নেটওয়ার্কিংয়ে অংশগ্রহণের বিস্তৃত সুযোগ পাবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আইইইই রোবোটিকস অ্যান্ড অটোমেশন সোসাইটি চ্যাপ্টার শিক্ষার্থীদের রোবোটিকস, স্বয়ংক্রিয় প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, নিয়ন্ত্রণব্যবস্থা এবং বুদ্ধিমান প্রযুক্তি নিয়ে কাজ করার সুযোগ সৃষ্টি করবে। ইঞ্জিনিয়ারিং ইন মেডিসিন অ্যান্ড বায়োলজি সোসাইটি চ্যাপ্টার প্রকৌশল, স্বাস্থ্যসেবা ও জীবচিকিৎসাবিজ্ঞানের সমন্বয়ে আন্তঃবিষয়ক শিক্ষা ও গবেষণাকে উৎসাহিত করবে।
অন্যদিকে কম্পিউটেশনাল ইন্টেলিজেন্স সোসাইটি চ্যাপ্টার কৃত্রিম বুদ্ধিমত্তা, যন্ত্রশিক্ষণ, নিউরাল নেটওয়ার্ক, বিবর্তনভিত্তিক গণনা এবং অন্যান্য উদীয়মান প্রযুক্তিতে শিক্ষার্থীদের অংশগ্রহণ বৃদ্ধি করবে। উইমেন ইন ইঞ্জিনিয়ারিং অ্যাফিনিটি গ্রুপ প্রকৌশল, বিজ্ঞান ও প্রযুক্তিক্ষেত্রে নারী শিক্ষার্থী ও পেশাজীবীদের অনুপ্রাণিত, সহায়তা ও ক্ষমতায়নে কাজ করবে। একই সঙ্গে এটি বৈচিত্র্য, সমতা এবং অন্তর্ভুক্তিমূলক নেতৃত্বকে উৎসাহিত করবে।
আইইইইর অধ্যাপক সেলিয়া শাহনাজ, অধ্যাপক শেখ আনোয়ারুল ফাত্তাহ এবং অধ্যাপক এম ফিরোজ মৃধা উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাহমুদুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নার্গিস, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক দেওয়ান মুহাম্মদ নূরুজ্জামান, স্কুল অব কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক উৎপল কান্তি দাস এবং আইইইই আইইউবিএটি স্টুডেন্ট ব্রাঞ্চের কাউন্সেলর খাদিজা আক্তার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
