প্রতিষ্ঠাবার্ষিকীতে এবার ‘সাজেনি’ জগন্নাথ বিশ্ববিদ্যালয়
‘বিপ্লবে বলীয়ান, নির্ভীক জবিয়ান’ স্লোগানে এবার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন।
প্রতিষ্ঠাবার্ষিকীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আগের বছরগুলোতে আলোয় ঝলমলে হয়ে উঠলেও এবার সেই আয়োজন নেই; ‘জুলাই বিপ্লবের’ নিহতদের স্মরণে ‘সাদামাটাভাবেই’ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রোববার সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করে শুরু হবে বিশ্ববিদ্যালয়ের উনবিংশতিতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অনুষ্ঠান।
বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ২০০৫ সালের ২০ অক্টোবর বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরু হয় পুরান ঢাকা সংলগ্ন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের। বর্তমানে সাতটি অনুষদে ৩৮টি বিভাগ ও দুইটি ইনস্টিটিউট নিয়ে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে এ বিশ্ববিদ্যালয়।
'বিপ্লবে বলীয়ান, নির্ভীক জবিয়ান' স্লোগানে এবার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
প্রক্টর অধ্যাপক তাজাম্মুল হক বলেন, “জুলাই বিপ্লবকে ধারণ করে আমাদের এ স্লোগান নির্ধারণ করা হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় নির্ভীকভাবে সামনের দিনে এগিয়ে যাবে সেই প্রত্যাশা।”
প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে দিনের কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ৯টায় বিভাগ ও ইনস্টিটিউটগুলোতে হবে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন। এরপর সকাল সাড়ে ১০টায় বেলুন ও পায়রা উড়িয়ে বিশ্ববিদ্যালয় দিবসের উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম।
এরপর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি শোভাযাত্রা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে রায়সাহেব বাজার ও ভিক্টোরিয়া পার্ক প্রদক্ষিণ করে পুনরায় ক্যাম্পাসে এসে শেষ হবে।
শোভাযাত্রা শেষে প্রশাসনিক ভবনের সামনে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঘোষণা ফলক’ উন্মোচন করবেন উপাচার্য।
এরপর নতুন অ্যাকাডেমিক ভবনের নিচতলায় দিনব্যাপী চিত্র প্রদর্শনী উদ্বোধন করা হবে।
সূচি অনুযায়ী বেলা ১১টা ৪০ মিনিটে মুক্তমঞ্চে নবীনদের স্বাগত জানানোর পাশাপাশি আলোচনা সভা হবে।
দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে ও আহতদের সুস্থতা কামনায় দোয়া হবে। মুক্তমঞ্চে বিকালে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
