নিরক্ষরমুক্ত দেশ গড়তে সুদূরপ্রসারী পরিকল্পনা আছে: প্রতিমন্ত্রী
শ্রেণিকক্ষের বাইরে থাকা ও ঝরে পড়া ১০ লাখ শিশুকে শিক্ষার মূলধারায় সম্পৃক্ত করার কাজ চলছে বলে জানিয়েছেন তিনি।
নিরক্ষরতামুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্য পূরণে সরকার সফল হবে বলে আশা প্রকাশ করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।
বৃহস্পতিবার আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোতে এক আলোচনায় তিনি এ কথা বলেন।
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেন, “নিরক্ষরতাকে নির্বাসনে পাঠিয়ে প্রতিটি নাগরিককে স্বাক্ষর জ্ঞান সম্পন্ন করে গড়ে তুলছে সরকার।
”নিরক্ষরমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে প্রাথমিক শিক্ষাব্যবস্থাকে আরও সুদূরপ্রসারী করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আওতায় চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির মাধ্যমে শ্রেণিকক্ষের বাইরে থাকা ও ঝরে পড়া ১০ লাখ শিশুকে শিক্ষার মূলধারায় সম্পৃক্ত করার কাজ চলছে।
জাকির হোসেন বলেন, সরকার দেশের সুবিধাবঞ্চিত নিরক্ষর জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে পরিণত করার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে।
এসব কর্মসূচির মাধ্যমে দেশে সাক্ষরতার হার বাড়ছে মন্তব্য করে প্রতিমন্ত্রী বলেন, “সবার জন্য মানসম্মত শিক্ষা প্রদানের কাজ চলছে। কারণ শিক্ষা ও সাক্ষরতা দেশের সার্বিক উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ।”
২০৩০ সালের মধ্যে দেশকে নিরক্ষরতামুক্ত করার যে লক্ষ্য রয়েছে, সরকার তা অর্জনে সফল হবে বলেও আশা প্রকাশ করেন জাকির হোসেন।
মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক নুরুজ্জামান শরীফ, ইউনেস্কো জাতীয় কমিশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল সোহেল ইমাম খান ।
