সিআইইউ ও আল-হিদায়াহ ইন্টারন্যাশনালের সমঝোতা চুক্তি
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, তরুণ শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী চিন্তাধারার বিকাশ ঘটানোই এই সমঝোতা স্মারকের মূল উদ্দেশ্য।
বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রকে সমৃদ্ধ করতে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির এবং আল-হিদায়াহ ইন্টারন্যাশনাল স্কুলের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
বুধবার সিআইইউ ছাত্র–শিক্ষক কেন্দ্রে (টিএসসি) এই এমওইউ স্বাক্ষরিত হয় বলে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, তরুণ শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী চিন্তাধারার বিকাশ ঘটানোই এই সমঝোতা স্মারকের মূল উদ্দেশ্য।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই চুক্তির আওতায় উভয় প্রতিষ্ঠান যৌথভাবে রোবটিক্স কর্মশালা, প্রশিক্ষণ, প্রতিযোগিতা এবং প্রযুক্তি মেলার আয়োজন করবে, যাতে শিক্ষার্থীরা বাস্তব অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি ভবিষ্যতের প্রযুক্তিনির্ভর বিশ্বে নিজেদের দক্ষ করে তুলতে পারে।
আল হিদায়াহ ইন্টারন্যাশনাল স্কুলের পক্ষে প্রধান পরিচালন কর্মকর্তা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল জিএম আসাদুজ্জামান এবং সিআইইউ বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের পক্ষে আইআইটিআইআর এর প্রধান সাজ্জাতুল ইসলাম সমঝোতা স্মারকে স্মাক্ষর করেন।
সিআইইউ বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন আসিফ ইকবাল, আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন রামিসা জাহান, ফ্যাকাল্টি রুবেল সেন গুপ্ত, আতিকুর রহমান, হাবিবুর রহমান, সামিয়া মুন্তাহা, আয়মান ইক্তেদার, আল হিদায়াহ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক পেয়্যার মোহাম্মদ, তৌহিদুল আলম, জোবায়ের আলম, একেএম নুরুল আবসার, রাসিবুল ইসলাম, এম মোশতাকিম জামান প্রিন্স এসময় উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “এই সমঝোতা স্মারক শিক্ষার্থীদের মধ্যে প্রযুক্তিগত দক্ষতা, গবেষণামূলক মানসিকতা ও উদ্ভাবনী চিন্তাধারা গড়ে তুলবে। এই সহযোগিতা বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর উন্নয়নের পথে এগিয়ে নেবে।”
