জকসু: রাকিবকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন ৩ ভিপি প্রার্থী
ছাত্রদল–ছাত্র অধিকার পরিষদের প্যানেলের রাকিবকে সমর্থন করে এর আগে দুজন প্রার্থিতাও প্রত্যাহার করেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ছাত্রদল–ছাত্র অধিকার পরিষদের প্যানেল থেকে ভিপি প্রার্থী একেএম রাকিবকে সমর্থন দিয়ে ভোট থেকে সরে দাঁড়িয়েছেন প্রতিদ্বন্দ্বী তিনজন প্রার্থী।
মঙ্গলবার দুপুরে রাকিবের ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের সংবাদ সম্মেলনে তারা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
ওই তিনজন হলেন- অণুজীববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী চন্দন কুমার দাস, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী রাকিব হাসান এবং ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের শিক্ষার্থী মাসরুফ আহমেদ।
রাকিব জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের সভাপতি। এর আগে গত ১৪ ডিসেম্বর তাকে সমর্থন দিয়ে পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী তাওসিন ইসলাম ও সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মিঠুন চন্দ্র রায় নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করে নেন।
ভোট থেকে সরে দাঁড়ানো চন্দন কুমার দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি শুরু থেকেই প্রস্তুত হয়ে নির্বাচনে অংশ নিয়েছিলাম। তবে ভূমিকম্পের কারণে গ্রামের বাড়িতে চলে যেতে হওয়ায় দীর্ঘদিন প্রচারণার বাইরে ছিলাম। এখন মনে হচ্ছে আমি প্রচারণায় পিছিয়ে পড়েছি এবং সময়ও খুব কম। সবকিছু বিবেচনা করেই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।”
‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের রাকিবকে সমর্থনের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, “আমার মনে হয়েছে সাধারণ শিক্ষার্থীদের বড় একটি অংশ রাকিব ভাইকে সমর্থন দিচ্ছে। ২০১৮ সালের হল আন্দোলনের পর থেকে তিনি প্রায় সব আন্দোলনে নিঃস্বার্থভাবে অংশ নিয়েছেন।
“মনোনয়ন প্রত্যাহারের সুযোগ না থাকলেও জবিয়ানদের স্বার্থে তার ত্যাগ ও পরিশ্রমকে সম্মান জানিয়ে আমি তাকে সমর্থন করছি এবং তার পক্ষে ভোট চাইছি।”
প্রতিদ্বন্দ্বীদের সমর্থন পাওয়া রাকিব বলেন, “ভিপি পদে আমার জয় মানে সাধারণ শিক্ষার্থীদের বিজয়। যারা জবিয়ানদের প্রতি আমার বিভিন্ন আন্দোলনের মূল্যায়ন করে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আশা করছি, জবিয়ানরা তাদের যোগ্য প্রতিনিধিকেই নির্বাচিত করবেন।”
