২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হিট প্রকল্প: ৪৩ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইউজিসির চুক্তি

“এই প্রকল্পের অর্থ জনগণের করের টাকা ও বিশ্বব্যাংক থেকে ঋণ নেওয়া হয়েছে। এই অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে,” বলে অধ্যাপক তানজীমউদ্দিন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2025, 11:57 PM

Updated : 26 Aug 2026, 02:12 PM

হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন-হিট প্রকল্পের আওতায় নির্বাচিত ১৫১টি উপ-প্রকল্প বাস্তবায়নে দেশের ৪৩টি পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তি সই করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন-ইউজিসি। 

বুধবার রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে চুক্তি সই হয়। 

ইউজিসি সচিব মো. ফখরুল ইসলাম এবং সংশ্লিষ্ট পাবলিক ও বেসরকারি বিশ্বিবিদ্যালয়ের রেজিস্ট্রাররা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন বলে ইউজিসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ বলেন, “হিটের উপ-প্রকল্প নির্বাচনে উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়ন ও জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।”

যারা উপ-প্রকল্প পেয়েছেন সেসব শিক্ষক ও গবেষককে তাদের লক্ষ্য পূরণে সততা ও নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।

পাশাপাশি এ কাজে তাদের সহযোগিতা করার জন্য বিশ্ববিদ্যালয়ের ভিসি, ডিনসহ সংশ্লিষ্ট অংশীজনকে পরামর্শ দেন। 

হিটের প্রকল্প পরিচালক অধ্যাপক আসাদুজ্জামান উপ-প্রকল্প নির্বাচন প্রক্রিয়াসহ প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরেন।

ইউজিসি সদস্য অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কমিশনের সদস্য অধ্যাপক মো. সাইদুর রহমান, অধ্যাপক মাছুমা হাবিব, অধ্যাপক মোহাম্মদ আইয়ুব ইসলাম, বিশ্ব ব্যাংকের প্র্যাকটিস ম্যানেজার কেইকো ইনোউএ, লিড ইকোনোমিস্ট ও টেকনিক্যাল অ্যাডভাইজার টবি লিনডেন, টাস্ক টিম লিডার টি এম আসাদুজ্জামান।

গত এক বছরে নানা রকম চ্যালেঞ্জ মোকাবেলা করে প্রকল্পের কাজ শুরু করা হয়েছে তুলে ধরে অধ্যাপক তানজীমউদ্দিন বলেন, “এই প্রকল্পের অর্থ জনগণের করের টাকা ও বিশ্বব্যাংক থেকে ঋণ নেওয়া হয়েছে। এই অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে।”

অনুষ্ঠানে ইউজিসির পরিচালকসহ বিশ্ববিদ্যালয়, বিশ্বব্যাংক ও হিট প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

ইউজিসি বলছে, হিট প্রকল্পের অধীনে বিভিন্ন উপ-প্রকল্প বাস্তবায়নের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকদের থেকে উন্মুক্ত প্রতিয়োগিতার মাধ্যমে প্রকল্প প্রস্তাব আহ্বান করা হয়। 

এতে মোট ১৪৮১ টি উপ-প্রকল্প প্রস্তাব জমা হয়। যাচাই বাছাই শেষে ১৫১টি উপ-প্রকল্প চূড়ান্তভাবে নির্বাচন করা হয়। 

দেশে উচ্চশিক্ষার মানোন্নয়নে পাঁচ বছর মেয়াদী (২০২৩-২০২৮) হিট প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ১৬ কোটি ৫৭ লাখ টাকা। শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে এই প্রকল্প বাস্তবায়ন করছে ইউজিসি।