২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জুলাই আন্দোলনের বছরপূর্তি ঘিরে ছাত্রশিবিরের ৩৬ দিনের কর্মসূচি

জুলাইয়ের প্রথম দিন থেকে সেমিনার, সিম্পোজিয়াম, কনফারেন্স, আলোচনা সভা ও দোয়াসহ বিভিন্ন অনুষ্ঠান হবে।

জুলাই আন্দোলনের বছরপূর্তি ঘিরে ছাত্রশিবিরের ৩৬ দিনের কর্মসূচি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধু ক্যান্টিনে ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2025, 10:45 PM

Updated : 26 Aug 2026, 01:17 PM

জুলাই আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী ছাত্রশিবির।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধু ক্যান্টিনে সোমবার সংবাদ সম্মেলন করে কর্মসূচি ঘোষণা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সাদ্দাম।

তিনি বলেন, জুলাইয়ের প্রথম দিন থেকে ছাত্র শিবিরের উদ্যোগে সেমিনার, সিম্পোজিয়াম, রিসার্চ কনফারেন্স, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হবে। কবর জিয়ারত, শহীদ পরিবার ও আহতদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় সভা হবে।

জুলাই গণহত্যার বিচারের দাবিতে ‘জুলাই দ্রোহ’ বিক্ষোভ-মিছিল হবে। সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থানে ‘জুলাই জাগরণ নব উদ্যমে বিনির্মাণ’ শীর্ষক আলোকচিত্র ও ডকুমেন্টারি প্রদর্শনী এবং ‘কালচারাল ফেস্ট’সহ জুলাই গ্রাফিতি থাকবে। জুলাইয়ের গল্প ও স্মৃতি বলা, স্মৃতিলিখন, বক্তব্য, রচনা, বিতর্ক, ক্রীড়া প্রতিযোগিতাও থাকবে জুলাই মাস জুড়ে। 

এ ছাড়া আন্দোলনে নিহতদের নামে পাঠাগার প্রতিষ্ঠা, তাদের পরিবার, আহত ও আন্দোলনে অংশগ্রহণকারী নিয়ে ‘ত্যাগীদের চোখে আগামীর বাংলাদেশ’ শীর্ষক সাক্ষাৎকার গ্রহণ ও পডকাস্ট হবে। জুলাইয়ের ওপর সাহিত্য সাময়িকী ও বিশেষ সংখ্যা প্রকাশ, জুলাই স্মৃতি লিখন প্রতিযোগিতার পুরস্কার প্রদান ও জুলাই প্রকাশনার মোড়ক উন্মোচন ও প্রদর্শনী থাকবে।

পাশাপাশি ‘থিংক ব্যাক টু ৩৬ জুলাই’ নামে ৩৬ দিনব্যাপী অনলাইন ক্যাম্পেইনও করবে ছাত্রশিবির।

সংবাদ সম্মেলনে ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ, প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ, আন্তর্জাতিক সম্পাদক মু. মু’তাসিম বিল্লাহ শাহেদী, প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম উপস্থিত ছিলেন।