সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
অনুষ্ঠানে এসেছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ।
গতানুগতিক পদ্ধতির বদলে তরুণ প্রজন্মের প্রত্যাশাকে ধারণ করে বিশ্ববিদ্যালয়গুলো পরিচালনার ওপর জোর দিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ।
সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে সম্প্রতি তিনি এ কথা বলেন।
বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে এ অনুষ্ঠানে তিনি বলেন, “আমি যখন ছাত্র ছিলাম, এখনকার তরুণদের মত এত বুদ্ধিমান বা সমৃদ্ধ ছিলাম না। কিন্তু এখনকার তরুণরা সবকিছু জানে, চেনে। এখনও আমি তরুণ প্রজন্মের কাছ থেকে শিখছি, তারাই আমাদের জাতির ভবিষ্যৎ। আমরা একসাথে থেকে কাজ করতে পারলে অবশ্যই আমরা এগিয়ে যাব।”
সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান কাজী জাহেদুল হাসান বলেন, “আমরা চেষ্টা করি যেন আমাদের ছাত্রীরা এমনভাবে তৈরি হয়ে বের হবেন, যেন তারা জীবনে স্বাবলম্বী হয়ে সম্মানিত একটা পেশায় থাকতে পারেন।”
উপাচার্য পারভীন হাসান বলেন, “শুধু শিক্ষাদান নয়, পেশাগত জীবনে প্রবেশের ক্ষেত্রেও এ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সবসময় সহযোগিতা করছে।”
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইলিয়াস আহমেদ, ট্রেজারার আহমেদ আবদুল্লাহ জামাল।
