Published : 20 Jan 2026, 06:23 PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ভর্তিতে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের পরীক্ষায় পাশ করেছেন ৭.২৯ শতাংশ পরীক্ষার্থী।
২ হাজার ৯৩৪টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নেন ১ লাখ ৩ হাজার ৬১১ জন। উত্তীর্ণ হয়েছে ৭ হাজার ৫৫৩ জন।
এর মধ্যে মানবিক শাখার ৪ হাজার ১০৯ জন, বিজ্ঞান শাখার ২ হাজার ৯৮১ জন এবং ব্যবসায় শিক্ষা শাখার ৪৬৩ জন উত্তীর্ণ হয়েছেন।
মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর এক বিজ্ঞপ্তিতে পরীক্ষার ফলাফলের তথ্য তুলে ধরেছে।
পরীক্ষার ফলাফল admission.eis.du.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। এ ছাড়া গ্রামীণফোন, বাংলালিংক অথবা টেলিটক মোবাইল নম্বর থেকে DU ALS ˂roll no˃ টাইপ করে ১৬৩২১ নম্বরে send করে ফিরতি SMS-এ ফলাফল জানা যাবে।
উত্তীর্ণ শিক্ষার্থীরা আগামী ২৭ জানুয়ারি বিকাল ৩টা থেকে ৫ ফেব্রুয়ারি বিকাল ৩টা পর্যন্ত বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দক্রম ফরম পূরণ করতে পারবেন।
কোটায় আবেদনকারীদের আগামী ১ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত সংশ্লিষ্ট কোটার ফরম সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অফিস থেকে সংগ্রহ ও যথাযথভাবে পূরণ করে ওই সময়ের মধ্যে ডিন অফিসে জমা দিতে হবে। ফলাফল পুনর্নিরীক্ষণের জন্য ফি প্রদান সাপেক্ষে ২১ থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে।
গত ১৩ ডিসেম্বর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।