২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হলেন কামরুল হোসেন

“বিশ্ববিদ্যালয়ের শান্তি-শৃঙ্খলা রক্ষা, বিশ্ববিদ্যালয়কে সবসময় সচল রাখা এবং পড়ালেখার পরিবেশ সুন্দরভাবে পরিচালনার লক্ষ্যে কাজ করে যাব।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 22 Sep 2026, 01:02 PM

Updated : 22 Sep 2026, 01:02 PM

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দায়িত্ব পেলেন অধ্যাপক কামরুল হোসেন, যিনি এতদিন সহকারী প্রক্টরের ভূমিকায় ছিলেন।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার হাছান মিয়া এ তথ্য জানিয়েছেন।

নতুন দায়িত্বের বিষয়ে রসায়ন বিভাগের অধ্যাপক কামরুল হোসেন বলেন, “এতদিন সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করেছি। এখন প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছি।

“বিশ্ববিদ্যালয়ের শান্তি-শৃঙ্খলা রক্ষা, বিশ্ববিদ্যালয়কে সবসময় সচল রাখা এবং পড়ালেখার পরিবেশ সুন্দরভাবে পরিচালনার লক্ষ্যে কাজ করে যাব।

“এ কাজে সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সবার সার্বিক সহযোগিতা প্রত্যাশা করছি। আমরাও বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে সর্বোচ্চ চেষ্টা করব।”

গত ৩১ মার্চ থেকে সহকারী প্রক্টরের দায়িত্ব পালন করে আসছিলেন অধ্যাপক কামরুল।

তার পূর্বসূরি অধ্যাপক হোসেন শহীদ সরওয়ার্দীর মেয়াদ শেষ হওয়ার পরদিনই নতুন প্রক্টর মনোনীত করা হয়েছে। মার্কেটিং বিভাগের অধ্যাপক সরওয়ার্দী গত বছরের ২১ সেপ্টেম্বর এক বছরের জন্য প্রক্টরের দায়িত্ব পেয়েছিলেন।