১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শফিকুরের ‘নারীবিদ্বেষী পোস্ট’: ঢাবিতে বিক্ষোভ দেখাল ছাত্রদল

“অনেকে বলেন, উনার আইডি নাকি হ্যাক হয়েছে; আমরা বলছি উনার মাথা আসলে হ্যাক হয়েছে।”

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2026, 04:03 PM

Updated : 26 Aug 2026, 02:50 PM

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের ‘নারীবিদ্বেষী পোস্টের’ প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ দেখিয়েছে ছাত্রদল। 

রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে বিক্ষোভ মিছিল নিয়ে টিএসসি হয়ে অপরাজেয় বাংলার পাদদেশে এসে সমাবেশ করেন তারা।

এসময় ‘শফিক তুই জানিস নাকি, দেশের শক্তি অর্ধেক নারী’, ‘এমন হ্যাকার করল হ্যাক, বেশ্যা ডেকে আইডি ব্যাক’, ‘শফিক তুই ক্ষমা চা, নারী নয় পতিতা’ প্রভৃতি স্লোগান দেন দেওয়া হয়।

বিক্ষোভ সমাবেশে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, “আমাদের এই প্রতিবাদের বক্তব্য হলো, তাকে (জামায়াত আমির) অবশ্যই, অবশ্যই এই নারীদের কাছে ক্ষমা চাইতে হবে।

“যদি ক্ষমা না চান, আমরা আবারো বৃহত্তর কোনো কর্মসূচি দিতে বাধ্য হব।”

তিনি বলেন, “জামায়াতে ইসলাম রাজনৈতিকভাবে এই বাংলাদেশে যদি সামান্যতম শক্তি অর্জন করে, এটি শুধুমাত্র নারীসমাজ নয়, এই বাংলাদেশের সবকিছুর জন্য হুমকিস্বরুপ।”

শফিকুর রহমানের এক্স হ্যান্ডেল থেকে প্রকাশিত একটি পোস্ট শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে জামায়াতে ইসলামে— নারী নেতৃত্ব এবং কর্মজীবী নারীদের বিষয়ে দেওয়া বক্তব্য নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়।

পরে রাতে হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও ছাত্রশিবিরের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম। শফিকুর রহমানের ভেরিফায়েড এক্স হ্যান্ডেল ‘হ্যাক করে’ ওই পোস্ট দেওয়া হয়েছে বলে সেখানে অভিযোগ করা হয়।

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, “অনেকে বলেন, উনার আইডি নাকি হ্যাক হয়েছে। আমরা বলছি উনার মাথা আসলে হ্যাক হয়েছে এবং উনার মুখোশ উনি নিজেই উন্মোচন করেছেন।”

জামায়াতের আমির এর আগে তিনবার নির্বাচন করেছেন উল্লেখ করে তিনি বলেন, সবমিলিয়ে ৪১ হাজার ভোট পেয়েছেন।

“এখন দেখেছেন যে তার এলাকার জনগণ তাকে আর গোনে না; সেজন্য তিনি ঢাকা এসে ঢাকা-১৫ আসনে নির্বাচন করছেন।” 

অন্যদের মধ্যে বক্তব্য দেন—ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান, যুগ্ম সাধারণ সম্পাদক মানসুরা আলম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, ছাত্রী বিষয়ক সম্পাদক ফারিয়া ইসলাম মেঘলা।