ইসি বিএনপি-জামায়াতের দিকে ‘ঝুঁকে পড়েছে’: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
“আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন, এই সিদ্ধান্ত ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করে আপনারা আপনাদের নিরপেক্ষতার প্রমাণ দিবেন। নয়ত আমরা আমাদের যেই পরবর্তী কর্মসূচি রয়েছে, সেটি কিন্তু আমরা ঘোষণা করতে বাধ্য হব।”
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন বিএনপি ও জামায়াতের দিকে ‘ঝুঁকে পড়েছে’ বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক হাসিব আল ইসলাম।
সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
হাসিব বলেন, “যারা এখনো পর্যন্ত দ্বৈত নাগরিকত্ব নিয়ে বসে আছে, তারা যদি এমপি কিংবা মন্ত্রী হয়, তাহলে জাতীয় নিরাপত্তার জন্য এটি হবে চরম মাত্রায় ঝুঁকি।
“কেননা সংবিধান, প্রতিরক্ষা, পররাষ্ট্র সংক্রান্ত বিশেষ গোপন নথিপত্র সরকারের কাছে থাকে। তিনি যদি বাংলাদেশের নাগরিকই না হন, বাংলাদেশ রাষ্ট্রের প্রতি যদি পূর্ণ আনুগত্যই না থাকে, তিনি সেই গোপন তথ্যগুলো অন্য রাষ্ট্রের কাছে তুলে দেবেন না, এর কি নিশ্চয়তা রয়েছে?”
হাসিব আল ইসলাম বলেন, “আমরা আশঙ্কা করছি, নির্বাচন কমিশন বড় রাজনৈতিক দুটো দল বিএনপি ও জামায়াতের প্রতি ঝুঁকে পড়েছে। তারেক রহমান দেশে আসার পর আমলারাও বিএনপির দিকে ঝুঁকে পড়েছে।
“আমরা দেখতে পাচ্ছি, বিএনপি ছাত্রদলকে পাঠিয়ে দিয়েছে নির্বাচন কমিশনের সামনে। তারা সেখানে গিয়ে নির্বাচন কমিশনকে চাপ প্রয়োগ করছে, আর নির্বাচন কমিশন এদের দ্বৈত নাগরিকত্ব যাদের রয়েছে, ঋণখেলাপি যাদের রয়েছে, তাদের প্রার্থিতা বৈধ করে দিয়েছে।”
নির্বাচন কমিশনকে ‘নিরপেক্ষতা’ প্রমাণে ২৪ ঘণ্টা সময় বেঁধে দেন বৈষম্যবিরোধী আন্দোলনের এই নেতা।
তিনি বলেন, “আগামী ২৪ ঘণ্টার মধ্যে আপনারা যদি আপনাদের সিদ্ধান্ত থেকে সরে না আসেন, জনতার সিদ্ধান্ত ও সকলের জন্য আইনের সমতা এবং গণপ্রতিনিধিত্ব আদেশ রয়েছে, যে আইন রয়েছে, সেই আইনের প্রতি আপনারা যদি শ্রদ্ধাশীল না হন, আপনারা কোনো রাজনৈতিক দলের প্রতি যদি ঝুঁকে পড়েন—আমরা বাংলাদেশের সমস্ত জনগণকে সঙ্গে নিয়ে আমরা কিন্তু কঠোর থেকে কঠোর পদক্ষেপ গ্রহণ করব। আমরা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিচ্ছি আপনাদেরকে।
“আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন, এই সিদ্ধান্ত ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করে আপনারা আপনাদের নিরপেক্ষতার প্রমাণ দিবেন। নয়ত আমরা আমাদের যেই পরবর্তী কর্মসূচি রয়েছে, সেটি কিন্তু আমরা ঘোষণা করতে বাধ্য হব।”
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র সিনথিয়া জাহিন আয়েশাসহ অন্যান্য নেতারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
