আটক শিক্ষার্থীদের মুক্তির দাবিতে ঢাবিতে শিক্ষকদের সমাবেশ
“আমরা শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার, বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবিকে সমর্থন করি,” বলেন সাঈদ ফেরদৌস।
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের হয়রানি বন্ধ এবং আটক শিক্ষার্থীদের মুক্তির দাবি জানিয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ‘নিপীড়নবিরোধী শিক্ষক সমাবেশে’ এ দাবি জানানো হয়।
সমাবেশের শুরুতে আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিও জানানো হয় সেখানে।
সমাবেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাঈদ ফেরদৌস বলেন, “শিক্ষার্থীদের আপনারা প্রতিপক্ষ ভাবছেন। সেই শিক্ষার্থীরা বাংলাদেশের খোলনলচে পাল্টে দিতে এসেছে।
“স্বাধীনতার পর থেকে গত পাঁচ দশকে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান ও রাষ্ট্রে যে লাগাতার নৈরাজ্য চলেছে, হলগুলোতে যে সুপরিকল্পিত নিপীড়ন চলেছে; ক্ষমতাসীন ছাত্র সংগঠনের সমস্ত কিছুকে পাল্টে নতুন ইতিহাস লিখবার পথ তৈরি করেছে এই শিক্ষার্থীরা।”
শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে তিনি বলেন, ‘‘শিক্ষার্থীদের মৃত্যুতে যেসব ব্যক্তিদের দায় আছে, সবাইকে বিচারের আওতায় আনতে হবে। আমরা শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার, বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবিকে সমর্থন করি।
“কিন্তু সবার আগে হত্যা বন্ধ হোক। সবার আগে গুম অপহরণ বন্ধ হোক।”
সমাবেশে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক আব্দুল হাসিব চৌধুরী বলেন, “১৯৬৯ সালে অধ্যাপক শামসুজ্জোহা ছাত্রদের রক্ষা করতে গিয়ে শহীদ হয়েছিলেন ফেব্রুয়ারি মাসে। আমরা এখানে যারা জমায়েত হয়েছি, আমরা শহীদ শামসুজ্জোহার উত্তরসূরি।
“আমাদের যে সন্তানরা, যে ছাত্ররা যে অধিকারের জন্য, যে বৈষম্যহীনতার বিরুদ্ধে দাড়িয়েছে, লড়াই করছে- তারা হচ্ছে মুক্তিযোদ্ধাদের উত্তরসূরি। এই লড়াইয়ের ফলাফল কী হবে সেটা ইতিহাসই আমাদের নির্দেশ করছে। আর আমাদের করণীয় কী- সেটা ইতিহাস আমাদের ওপর চাপিয়ে দিচ্ছে।”
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক নাসির উদ্দিন আহমদ বলেন, “মামলাবাজি হল পুলিশের ব্যবসা। আপনারা এই ব্যবসা বন্ধ করুন। ছাত্র-ছাত্রীদেরকে অযথা মিথ্যা মামলা দিয়ে ঘর থেকে বাচ্চাদের ধরে নিয়ে আসতেছেন।
“আমি সুস্পষ্টভাবে বলব, বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেন। শিক্ষার্থীদের পড়ালেখায় ফিরে আসতে দেন। আর আপনারা গণতান্ত্রিক প্রক্রিয়াতে ফিরে আসুন। স্বৈরতান্ত্রিক প্রক্রিয়াতে থেকে দেশের উন্নয়ন তো দূরের কথা, দেশের মানুষের কাছে কোনোদিন পৌঁছাতে পারবেন না।”
সমাবেশে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক কামরুল হাসান মামুন, অর্থনীতি বিভাগের অধ্যাপক রুশাদ ফরিদী, খুলনা বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের অধ্যাপক আব্দুল্লাহ হারুন চৌধুরী, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক সায়মন রেজা, স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ নাহিদ নেওয়াজ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক মাসুদ ইমরান, গ্রিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রীতু শারমিন।
