২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে ঢাবিতে মশাল মিছিল

সাংবাদিক শামসের মুক্তি এবং নওগাঁয় র‍্যাব হেফাজতে সুলতানা জেসমিনের মৃত্যুর বিচার দাবিও করেছে বাম ছাত্র সংগঠনগুলো।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2023, 12:26 AM

Updated : 02 Apr 2023, 12:26 AM

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, সাংবাদিক শামসুজ্জামান শামসের নিঃশর্ত মুক্তি এবং নওগাঁয় র‍্যাব হেফাজতে সুলতানা জেসমিনের মৃত্যুর বিচার দাবিতে ঢাকায় মশাল মিছিল করেছে বাম ছাত্র সংগঠনগুলো।

শনিবার সন্ধ্যায় টিএসসি থেকে বের করা মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নীলক্ষেত, কাঁটাবন মোড়, আজিজ সুপার মার্কেট, শাহবাগ হয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে এসে শেষ হয়।

মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে গণতান্ত্রিক ছাত্র জোটের সমন্বয়ক ছায়েদুল হক নিশান অভিযোগ করে বলেন, “ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নামক নির্বতনমূলক আইনে লেখক সাংবাদিক বুদ্ধিজীবীদের হয়ারানি করে জেলে পুড়ে আওয়ামী স্বৈরাচারী শাসন বেশিদিন স্থায়ী হবে না।

"আজকে সারাদেশে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি মানুষের জীবনকে নাভিশ্বাস করে তুলেছে, সেই সত্য যখন শামসুজ্জামান শামসের মত সাংবাদিকরা মানুষের সামনে তুলে ধরছে- তখন এই ফ্যাসিস্ট সরকার শামসুজ্জামানদের জেলে পুড়ে মানুষের কণ্ঠরোধ করছে।"

গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সভাপতি নিশানের অভিযোগ, “আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসনে দেশের জনগণ তার ক্ষুধার কথাও প্রকাশ্যে বলতে পারছে না৷ চরম নিপীড়নের মাধ্যমে দমন করা হচ্ছে জনগণের প্রতিবাদের ভাষা।“অবিলম্বে শামসুজ্জামান শামসের মুক্তি, জেসমিন হত্যার বিচার ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানান তিনি।

মশাল মিছিলে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন নেতা নজির আমিন চৌধুরী জয়, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ, বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক দিলীপ রায়,  সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শোভন রহমান, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অমল ত্রিপুরাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।