২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে জুবায়েদ স্মরণে ‘সংক্ষিপ্ত আয়োজন’

“আমাদের শিক্ষার্থীর নির্মম হত্যাকাণ্ড আমরা কেউ মেনে নিতে পারছি না; তার স্মরণে সর্বসম্মতিক্রমে অনুষ্ঠান সূচি কিছুটা পরিবর্তন করা হয়েছে,” বলেন প্রক্টর।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2025, 07:54 PM

Updated : 26 Aug 2026, 02:33 PM

প্রতিষ্ঠার ২০ বছর পূর্তি উদযাপন হয়ে গেল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে।

দিবস উপলক্ষে সোমবার ক্যাম্পাসে আনন্দ শোভাযাত্রা, প্রদর্শনী, মেলা ও আলোচনাসভা হলেও সম্প্রতি হত্যার শিকার বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী, ছাত্রদল নেতা জুবায়েদ হোসাইন স্মরণে কনসার্ট ও সাংস্কৃতিক কর্মসূচিসহ কয়েকটি অনুষ্ঠান বাদ রেখে ‘আয়োজন সংক্ষিপ্ত’ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন।

‘ঐক্যবদ্ধ জবিয়ান, স্বপ্ন জয়ে অটল প্রাণ’ স্লোগানে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে একটি শোভাযাত্রা বের হয়। রায়সাহেব বাজার মোড় ও ভিক্টোরিয়া পার্ক প্রদক্ষিণ করে শোভাযাত্রা ক্যাম্পাসে ফেরে।

এরপর শহীদ সাজিদ ভবনের নিচতলায় সকাল সাড়ে ১০টায় চারুকলা অনুষদের ‘বার্ষিক শিল্পকর্ম ২০২৫’ প্রদর্শনী শুরু হয়। তরুণ শিল্পীদের সৃজনশীল চিত্র ও ভাস্কর্য সেখানে স্থান পায়।

দুপুর সাড়ে ১২টায় বিজ্ঞান ভবন প্রাঙ্গণে আলোচনাসভায় বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়ন, অর্জন ও পরবর্তী পরিকল্পনা নিয়ে মতবিনিময় হয়েছে।

সভায় উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম বলেন, “বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে শিক্ষা ও গবেষণায় ধারাবাহিক অগ্রগতি হয়েছে। শিক্ষার্থীদের শিক্ষাবাজেট বৃদ্ধি, নিয়মিত ক্লাস মনিটরিং, ফলাফল প্রকাশে গতি এবং গবেষণায় শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করার উদ্যোগ ইতোমধ্যে বাস্তবায়নাধীন।”

সভায় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. মোশাররাফ হোসেন সভাপতিত্ব করেন। কোষাধ্যক্ষ অধ্যাপক সাবিনা শরমীন ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. রইছ উদ্দীন বিশেষ অতিথি ছিলেন।

দিবস উদযাপনের সমাপনীতে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নতি ও প্রয়াত শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল করা হয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস ২০ অক্টোবর হলেও কালী পূজার বন্ধের কারণে ২২ অক্টোবর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের কথা বলা হয়।

কিন্তু ১৯ অক্টোবর পুরান ঢাকার আরমানিটোলায় হত্যাকাণ্ডের শিকার হন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী, ছাত্রদল নেতা জুবায়েদ হোসাইন। পরদিন জরুরি বৈঠকে ২২ অক্টোবর বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি স্থগিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এরপর ২৭ অক্টোবর বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়। তবে অনুষ্ঠান সূচিতে আনা হয় পরিবর্তন। জুবায়েদ স্মরণে কর্মসূচি সংক্ষিপ্ত করা হয়।

কর্মূচিতে ব্যান্ড সংগীত, জবি ব্যান্ড মিউজিক অ্যাসোশিয়েসনের আয়োজন ও সংগীত বিভাগের আয়োজনে সঙ্গীতানুষ্ঠান বাদ রাখা হয়। নাট্যকলা বিভাগের আয়োজনে শর্টফিল্ম প্রদর্শনী ও নাটক মঞ্চায়ন, ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের ডকুমেন্টারি প্রদর্শনী এবং বিশ্ববিদ্যালয়টির সাংস্কৃতিক কেন্দ্র, আবৃত্তি সংসদ ও উদীচীর পরিবেশনাও স্থগিত করা হয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মুহাম্মদ তাজাম্মুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের আয়োজনের পরিকল্পনা ছিল জাঁকজমকপূর্ণ। কিন্তু আমাদের শিক্ষার্থীর নির্মম হত্যাকাণ্ড আমরা কেউ মেনে নিতে পারছি না।

“বিশ্ববিদ্যালয়টির শিক্ষক-শিক্ষার্থী সকলেই মর্মাহত। তার স্মরণে সর্বসম্মতিক্রমে অনুষ্ঠান সূচি কিছুটা পরিবর্তন করা হয়েছে।”