জবি ছাত্রলীগের সাবেক সভাপতি শরিফুল কারাগারে
হত্যাচেষ্টার অভিযোগে যাত্রাবাড়ী থানায় করা এ মামলায় শেখ হাসিনাসহ আসামি করা হয় ৯০ জনকে।
যাত্রাবাড়ী থানার হত্যাচেষ্টা মামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি এফ এম শরিফুল ইসলামকে কারাগারে পাঠানো হয়েছে।
মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম মোস্তাফিজুর রহমান জামিনের আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এদিন মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার এসআই মো. হুমায়ুন কবীর তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।
শরিফুল ইসলামের পক্ষে তার আইনজীবী এম জাকির হোসেন জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে মুহাম্মদ শামসুদ্দোহা সুমন জামিনের বিরোধিতা করেন।
উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানান প্রসিকিউশন পুলিশের এসআই শরীফুজ্জামান।
এর আগে সোমবার বিকালে তাকে ঢাকার ওয়ারী থেকে গ্রেপ্তার করা হয়।
মামলায় বলা হয়, জুলাই আন্দোলনের সময় ৩ অগাস্ট যাত্রাবাড়ী এলাকায় মো. পলাশ হোসেন গুলিবিদ্ধ হন। পরে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।
এ ঘটনায় গত ২০ এপ্রিল ভুক্তভোগী পলাশ যাত্রাবাড়ী থানায় হত্যাচেষ্টা মামলা করেন। এতে শেখ হাসিনাসহ ৯০ জনকে আসামি করা হয়। আসামির তালিকায় নাম আছে শরিফুলেরও।
