ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনের খাবারে ‘১৪ ধরনের ব্যাকটেরিয়া’
গবেষণায় এই ব্যাকটেরিয়াগুলোকে মানুষের জীবনের জন্য ‘হুমকি’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৫ টি ক্যান্টিন থেকে সংগৃহীত খাবারে ১৪ ধরনের ক্ষতিকর ব্যাকটেরিয়ার উপস্থিতি পাওয়ার কথা জানিয়েছে একটি গবেষক দল।
এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিকারক ব্যাকটেরিয়া ই-কোলাই, যা পেটের পীড়া তৈরি করতে পারে।
করোনাভাইরাস মহামারী চলার সময় ৪ সদস্যের এই গবেষক দলটি এসব ক্যান্টিন থেকে আলুর ভর্তা ও মুরগির মাংসের নমুনা সংগ্রহ করে। এর মধ্যে চারটি ক্যান্টিনের খাবারেই উচ্চমাত্রার ক্ষতিকর ব্যাকটেরিয়ার উপস্থিতি পাওয়া যায়।
ইউলি জার্নালে প্রকাশিত গবেষণাটিতে দেখা যায়, মুরগির মাংস ও আলুর ভর্তায় পাওয়া ব্যাকটেরিয়াগুলো অধিকাংশই ওষুধ প্রতিরোধী। মুরগির মাংসের চাইতে আলুর ভর্তায় ব্যাকটেরিয়ার পরিমাণ বেশি।
গবেষণায় এই ব্যাকটেরিয়াগুলোকে মানুষের জীবনের জন্য ‘হুমকি’ হিসেবে উল্লেখ করা হয়েছে। গবেষণায় দেখা যায়, ক্যান্টিনের রান্না করা মুরগির মাংসে ক্লোস্ট্রিডিয়াম ব্যাকটেরিয়া আছে। এর উপস্থিতি বোঝায়, মাংস রান্না করার সময় তা ভালোভাবে পরিষ্কার করা হয় না।
দুই ধরনের খাবারে ‘প্রোটিয়াস' ব্যাকটেরিয়া পাওয়া গেছে। কিডনিতে পাথর জমাতে এই ব্যাকটেরিয়া কাজ করে।
ক্লেবসিয়েলা, সালমোনেলা, ভিব্রিও ব্যাকটেরিয়ার সন্ধানও পাওয়া গেছে। এই ব্যাকটেরিয়াগুলো মাথাব্যথা, ডায়রিয়া ও কলেরার মত রোগের কারণ হতে পারে।
গবেষণা দলের সদস্য বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক শারমিন রুমি আলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মুরগির তরকারি আর আলুর ভর্তা বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে সবচেয়ে জনপ্রিয় খাদ্যের মধ্যে অন্যতম। তাই এ দুটি খাবারকে আমরা গবেষণার নমুনা হিসেবে নিয়েছি।”
বিশ্ববিদ্যালয়ে সব ক্যান্টিনেরই একই অবস্থা বলেও সন্দেহ করছেন এই শিক্ষক।
তিনি বলেন, “মহামারী চলছিলো বলে আমরা তখন বিশ্ববিদ্যালয়কে আনুষ্ঠানিকভাবে এ গবেষণার বিষয়ে জানাইনি। তবে এখন এ বিষয়ে জানানো যায়।”
গবেষণার তথ্যের আলোকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও হলে থাকা শিক্ষার্থীদের সঙ্গে কথা বললে তারা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই ফলাফল অপ্রত্যাশিত কিছু নয়।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র ও হাজী মুহম্মদ মুহসীন হলের শিক্ষার্থী তামিম আল রাজী বলেন, “স্বাস্থ্যসম্মত সুষম খাবার শিক্ষার্থীদের অধিকার। হলের শিক্ষার্থীরা ক্যান্টিনে ছাড়া আর কোথায় খাবে? প্রশাসনের উচিত এই বিষয়ে তদারকি করা এবং ক্যান্টিনে নজরদারি বাড়ানো।”
আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্তী ও বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের আবাসিক ছাত্রী নুসরাত জান্নাত তালবিয়া বলেন, “খাবার তৈরির সময় গ্লাভস এবং মাথায় টুপি ব্যবহার করতে হবে৷ শাক সবজি মাছ মাংস ভালভাবে ধুয়ে পরিষ্কার করতে হবে৷
“তার চেয়েও বড় কথা, যারা খাবারটা তৈরি করে, তারা যেন সচেতন হন।”
