আইইউবিতে হয়ে গেল ইস্পোর্টস টুর্নামেন্ট
বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ ও আইইউবি ইস্পোর্টস ক্লাবের যৌথ উদ্যোগে এ টুর্নামেন্ট হয়।
ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি (আইইউবি) বাংলাদেশে হয়ে গেল দুই দিনের গেমিং টুর্নামেন্ট ‘আইইউবি গেমিং ফেস্ট ২০২২’।
বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ ও আইইউবি ইস্পোর্টস ক্লাবের যৌথ উদ্যোগে সম্প্রতি এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, সারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং ইস্পোর্টস দল থেকে ৬৫০ জনেরও বেশি গেমার এই ইস্পোর্টস টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করেছে।
লিগ অব লিজেন্ডস (লল), ভ্যালোরেন্ট, মোবাইল লিজেন্ডস: ব্যাং ব্যাং (এমএনবিবি) এবং ফিফা২৩- বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় চারটি গেম ছিল এই টুর্নামেন্টে। টুর্নামেন্টের সর্বমোট পুরস্কার ছিল ১ লাখ ৬০ হাজার টাকা।
গেমিংয়ে মেয়েদের অংশগ্রহণকে অনুপ্রাণিত করার জন্য, মেয়ে গেমারদের জন্য এমএলবিবি গেইমে একটি পৃথক বিভাগ রাখা হয়েছিল, যেখানে এমএলটি ওডিটিএইচ চ্যাম্পিয়ন হয়েছে।
ওই দলের নেতা কাজী ফাবিহা লিয়া বলেন, "আইইউবি গেমিং ফেস্ট ছিল আইইউবি ইস্পোর্টস ক্লাবের পক্ষ থেকে মেয়ে খেলোয়াড়দের জন্য একটি বিশাল উদ্যোগ। একজন মেয়ে হিসেবে আমি বিশ্বাস করি যে, আমাদের ইস্পোর্টসে শীর্ষে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। টুর্নামেন্টের ধারাবাহিকতার এই হারে, আমরা নিশ্চিত যে আমাদের পরবর্তী প্রজন্মের একটি সমৃদ্ধিশালী ইস্পোর্টস ভবিষ্যত পাবে।”
এই টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে ছিল বাংলাদেশ ইয়ুথ ডেভেলপমেন্ট অ্যান্ড ইলেক্ট্রনিক্স স্পোর্টস এসোসিয়েশন (বাইডেসা)।
আইইউবি’র প্রো-ভাইস চ্যান্সেলর নিয়াজ আহমেদ খান, বাংলাদেশ আরচারি ফেডারেশনের প্রতিষ্ঠাতা মহাসচিব এবং মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল, বাইডেসার সভাপতি আরেফা পারভিন তাপশী, সহ-সভাপতি কাজী নেওয়াজ মাহতাব, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীউর রহমান সোহান, আইইউবির শিক্ষার্থী গেমার ইফতেখার রাফসান, আইইউবির ডিভিশন অব স্টুডেন্ট অ্যাফেয়ার্সের প্রধান আতিক এম সাফি এবং সিএসই বিভাগের প্রভাষক আজমিরী খানসহ অন্যরা এ আয়োজনে উপস্থিত ছিলেন।
