১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

‘অভিনব পদ্ধতিতে’ রাজস্ব ফাঁকি, ভার্গো ট্যোবাকোর বিরুদ্ধে মামলা

এনবিআর বলেছে, কোম্পানিটি অন্য একটি কারখানায় নকল ব্যান্ডরোল ব্যবহার করে সিগারেট উৎপাদন করে আসছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 16 Sep 2026, 06:46 PM

Updated : 16 Sep 2026, 06:46 PM

গাজীপুরে ভার্গো ট্যোবাকো লিমিটেড কোম্পানির ৭২ কোটি টাকার রাজস্ব ফাঁকির তথ্য পাওয়ার কথা বলেছে ঢাকার নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (মূল্য সংযোজন কর)।

কোম্পানিটি ‘অভিনব পদ্ধতিতে’ ভ্যাট ফাঁকি দিয়ে আসছিল বলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তরফে বলা হয়েছে।

বুধবার সংস্থাটি বলেছে, ঢাকার ভ্যাট গোয়েন্দাদের একটি দল ‘গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে’ গত ২ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটিতে অভিযান চালায়।

“গোয়েন্দা দল প্রতিষ্ঠানে রক্ষিত দলিলাদি জব্দ করে এবং প্রাথমিক গণনায় অবৈধভাবে সিগারেট উৎপাদন ও বিপণন থেকে প্রায় সাড়ে ৭২ কোটি টাকার রাজস্ব ফাঁকি উদঘাটন করে। প্রতিষ্ঠানটি তাদের রক্ষিত দলিলাদি ঠিক রেখে অভিনব পদ্ধতিতে রাজস্ব ফাঁকির উপায় বের করে।”

‘অভিনব কৌশলের’ বিষয়ে এনবিআর বলেছে, ভ্যাট গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের দুটি টিম একযোগে সিগারেট কারখানা এবং কাছাকাছি আরেকটি গুদামে অভিযান চালায়। এ সময় বাইরে থেকে গেট বন্ধ রেখে ভেতরে উৎপাদন কার্যক্রম চলছিল। বারবার গেট খুলতে বলার পরেও কেউ সাড়া দেয়নি বলে এনবিআরের ভাষ্য।

কর আদায়কারী সংস্থাটি বলেছে, “দেয়াল টপকে গোয়েন্দা দল ভেতরে ঢুকে দেখতে পায়, সিগারেট উৎপাদন হচ্ছে। গোয়েন্দা দল দেখতে পায়, নকল ব্যান্ডরোলযুক্ত সিগারেট পুড়িয়ে দেওয়া হচ্ছে। পোড়ানো সিগারেটের দলিলাদি উপস্থাপন করতে বললে তারা তা দেখাতে পারেননি।”

এ বিষয়ে বিভাগীয় কর্মকর্তার অনুমোদন নেওয়া হয়নি বলে তারা স্বীকার করে।

‘আনুমানিক ৫০ লাখ শলাকা নকল ব্যান্ডরোল যুক্ত সিগারেট পুড়িয়েছে’ বলে লিখিত বিবৃতির মাধ্যমে প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার নিশ্চিত করেন বলে দাবি এনবিআরের।

গোয়েন্দা দল তাৎক্ষণিকভাবে পোড়া ব্যান্ডরোলের অবশিষ্টাংশ আলামত হিসেবে জব্দ করে।

পরে তল্লাশি চালিয়ে কারখানা এবং তৎসংলগ্ন গুদাম ও আবাসিক ভবন থেকে ব্যবহৃত স্ট্যাম্প ও ব্যান্ডরোল, সিগারেট উৎপাদনের বিভিন্ন কাঁচামাল এবং তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।

এ সময় প্রতিষ্ঠানটিতে কিছু বিদেশি ব্রান্ডের সিগারেটের নমুনা এবং খালি প্যাকেট পাওয়া যায়।

এগুলো নিয়ে বিস্তারিত অনুসন্ধান চলছে জানিয়ে এনবিআর বলেছে, কোম্পানিটির বিরুদ্ধে গত ১৪ সেপ্টেম্বর মামলা করা হয়েছে।