২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

বঙ্গবাজারের ব্যবসায়ীদের সুদমুক্ত ঋণের ব্যবস্থা করতে সুপারিশ ঢাকা চেম্বারের

ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছেন বঙ্গবাজারের ৫ হাজারের মতো ব্যবসায়ী।

বঙ্গবাজারের ব্যবসায়ীদের সুদমুক্ত ঋণের ব্যবস্থা করতে সুপারিশ ঢাকা চেম্বারের

ঢাকার বঙ্গবাজার সংলগ্ন ফুটপাত ও মেয়র হানিফ ফ্লাইওভারের নিচে আগুনে ক্ষতিগ্রস্ত বঙ্গবাজারের দোকান মালিকরা ছোট পরিসরে পণ্য নিয়ে বসতে শুরু করেছেন; কাপড় দেখতে ক্রেতারাও আসতে শুরু করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2023, 10:44 PM

Updated : 09 Apr 2023, 10:44 PM

বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য কম সুদ ও দীর্ঘ মেয়াদে ঋণ সহায়তা চালুর কথা বলছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।

রোববার সংগঠনটির সভাপতি মো. সামীর সাত্তার এক বিবৃতিতে বিভিন্ন প্রণোদনামূলক ঋণের সুপারিশ করে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিতে বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে কেন্দ্রীয় ব্যাংকটির হস্তক্ষেপ কামনা করেন।

পুরনো খবর:

পুড়ল বঙ্গবাজার: এক আগুনে ছাই হল হাজারো স্বপ্ন
আগুনে পুড়েছে পুঁজি, বঙ্গবাজারের মাঈনুদ্দিনরা ভারাক্রান্ত ঋণেও
বঙ্গবাজারে ক্ষতিগ্রস্তদের তালিকা করছে ডিএসসিসি
বঙ্গবাজার নিয়ে প্রধানমন্ত্রীর ‘আক্ষেপ’, ব্যবসায়ীদের সাধ্যমত সাহায্যের প্রতিশ্রুতি

সামীর বলেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ব্যবসায়িক কার্যক্রম পুনরায় চালু করতে সুদমুক্ত বা স্বল্প সুদে বিশেষ মেয়াদে ঋণ দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকের উচিৎ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দেওয়া।

যারা ইতোমধ্যে ঋণ নিয়েছেন, তাদের ক্ষেত্রে কিস্তি পরিশোধের সময়সীমা বৃদ্ধির পরামর্শ দিয়ে তিনি বলেন, সরকারের বিদ্যমান বিভিন্ন পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় প্রকৃত ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক ক্ষতি নিরুপণ করে তাদেরকে সহজ শর্তের ঋণের আওতায় নিয়ে আসা উচিৎ।

ইতোমধ্যে যারা ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে বিভিন্ন ধরনের মেয়াদি, ওয়ার্কিং ক্যাপিটাল ও ক্যাশ ক্রেডিট ঋণ গ্রহণ করেছেন, তাদের ঋণের সুদ হার কমানোসহ বিশেষ বিশেষ ক্ষেত্রে ঋণের ধরনের উপর ভিত্তি করে কিস্তি পরিশোধের সময়সীমা বৃদ্ধি করা এবং তাদের ঋণগুলোকে ক্লাসিফাইড হিসাবে ঘোষণা না করতেও বলা হয়েছে বিবৃতিতে।

গত মঙ্গলবার সকালে দেশের পোশাকের অন্যতম বড় মার্কেট বঙ্গবাজারে ভয়াবহ আগুন ভষ্মীভুত হয়ে যায় পুরো মার্কেট। কাঠ ও টিন দিয়ে তৈরি মার্কেটটিতে পাইকারি ও খুচরা মিলে কয়েক হাজার দোকান ছিল।

দীর্ঘ সময় ধরে জ্বলা আগুনে দোকানের পাশাপাশি ঈদের আগে তোলা নতুন পণ্যের অধিকাংশই পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর সংখ্যা পাঁচ হাজারের মতো।