২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ালটনের প্রিমিয়াম সিরিজের নতুন চার ফ্রিজ আসছে

ফ্রিজগুলো এ মাসেই বাজারে আসবে জানিয়ে ওয়ালটনের বিজ্ঞপ্তিতে বলা হয়, মডেলভেদে দাম পড়বে ৪০,৫৯০ থেকে ৪৬,৯৯০ টাকা

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2022, 09:02 PM

Updated : 10 Oct 2022, 09:02 PM

প্রিমিয়াম সিরিজের নতুন চার মডেলের রেফ্রিজারেটর বাজারে এনেছে দেশীয় ব্র্যান্ড ওয়ালটন ইলেক্ট্রনিকস। ফ্রিজগুলো বাজারে উন্মুক্ত করা উপলক্ষে রোববার রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে হয় উদ্বোধনী অনুষ্ঠান।

ওয়ালটনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, “রেফ্রিজারেটরগুলো ভাইরাস ও ব্যাকটেরিয়ামুক্ত স্বাস্থ্যকর খাবার নিশ্চিত করবে। স্বাস্থ্যসচেতন আধুনিক মানুষের প্রয়োজনীয়তা ও চাহিদা পূরণে ওয়ালটন এই রেফ্রিজারেটরগুলো বাজারে আনছে।”

নতুন মডেলের ২৪৪ থেকে ২৬৮ লিটার ধারণক্ষমতার ফ্রিজগুলো চলতি মাসেই বাজারে আসবে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, মডেলভেদে দাম থাকবে ৪০ হাজার ৫৯০ থেকে ৪৬ হাজার ৯৯০ টাকার মধ্যে।

প্রিমিয়াম সিরিজের এসব রেফ্রিজারেটরে ‘সিন্থো ফ্রেস’ ও ‘ইউভি-সি’ প্রযুক্তি, ‘ইন্টেলিজেন্ট জার্ম টার্মিনেটর’ (আইজিটি), ‘স্মার্ট কন্ট্রোল ফিচার’, ‘সিরামিক কোটেড’ প্রিমিয়াম গ্লাস এবং ‘এলিগ্যান্ট ডোর হ্যান্ডেল’সহ বিশেষ ফিচার রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রিমিয়াম সিরিজের রেফ্রিজারেটরগুলোর মোড়ক উন্মোচন করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও গোলাম মুর্শেদ।

তিনি বলেন, “নতুন কিছু উদ্ভাবন ও প্রয়োগ করতে গেলে ব্যাপক গবেষণার প্রয়োজন হয়, সামর্থ্যর সবটুকু ঢেলে দিয়ে কাজ করতে হয়। আমাদের চৌকস গবেষণা ও উদ্ভাবন, প্রোডাকশন, কোয়ালিটি ম্যানেজমেন্টসহ সব বিভাগের সদস্যরা গত দুই বছর ধরে সিন্থো-ফ্রেসসহ নানা প্রযুক্তি নিয়ে নিরলসভাবে কাজ করে আসছেন।

“তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা অত্যন্ত যুগোপযোগী প্রযুক্তি ও ফিচারের রেফ্রিজারেটর গ্রাহকদের দিতে পেরেছি। আমাদের এ ধরনের উদ্ভাবনী প্রচেষ্টা অব্যাহত থাকবে। রেফ্রিজারেটরসহ সব পণ্যে গ্রাহকদের জন্য প্রতিনিয়ত নতুন নতুন ফিচার ও প্রযুক্তি যুক্ত হবে।”

অনুষ্ঠানে ওয়ালটনের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবুল বাশার হাওলাদার, উপব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম সরকারসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।